মেদিনীপুর 22° ☁️ · AQI 188 · মাঝারি 19 নভেম্বর 2026, বৃহস্পতিবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ঐতিহ্য সপ্তাহ উদযাপন, ওড়িশার শিলাচিত্র নিয়ে বিশেষ বক্তৃতা!

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ঐতিহ্য সপ্তাহ উদযাপন, ওড়িশার শিলাচিত্র নিয়ে বিশেষ বক্তৃতা!

নিজস্ব সংবাদদাতা : ভারতের সমৃদ্ধ প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ঐতিহাসিক সম্পদ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে বিশ্ব ঐতিহ্য সপ্তাহ (World Heritage Week) উদযাপন। বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ এবং ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (ASI), কলকাতা সার্কেলের যৌথ উদ্যোগে 19 থেকে 25 নভেম্বর, 2026 পর্যন্ত এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার (EZCC)-এর প্রাক্তন অধিকর্তা শ্রীমতী গৌরী বসু। তাঁর বক্তব্যে বিশ্ব ঐতিহ্য সপ্তাহের গুরুত্ব এবং দেশের সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা বিশেষভাবে উঠে আসে।

উদযাপনের অন্যতম আকর্ষণ ছিল ASI, কলকাতা সার্কেলের সুপারিনটেন্ডিং আর্কিওলজিস্ট (SA) ড. দিবিশদা বি. গারনায়কের বিশেষ বক্তৃতা। ‘ওড়িশার শিলাচিত্র (Rock Art of Odisha)’ শীর্ষক এই বক্তৃতায় তিনি ওড়িশার প্রাগৈতিহাসিক শিল্পধারা, প্রাচীন মানুষের জীবনযাপন এবং সেই সময়ের সাংস্কৃতিক ঐতিহ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। তাঁর আলোচনা উপস্থিত শিক্ষার্থী ও গবেষকদের কাছে বিশেষ আকর্ষণীয় হয়ে ওঠে।

পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সত্যনারায়ণ ঘোষ লাউঞ্জে ভারতের UNESCO বিশ্ব ঐতিহ্যস্থলগুলিকে কেন্দ্র করে একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে দেশের বিভিন্ন ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের ছবি স্থান পেয়েছে। এর মাধ্যমে ভারতের প্রত্নতাত্ত্বিক সম্পদ, স্থাপত্যশৈলী এবং সাংস্কৃতিক বৈচিত্র্য দর্শকদের সামনে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজকদের মতে, বিশ্ব ঐতিহ্য সপ্তাহ কেবল অতীতের ইতিহাসকে জানার সুযোগ নয়, বরং বর্তমান প্রজন্মের মধ্যে ঐতিহ্য সংরক্ষণের দায়িত্ববোধ গড়ে তোলারও একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। আগামী প্রজন্মের কাছে দেশের অমূল্য সাংস্কৃতিক সম্পদ সুরক্ষিতভাবে পৌঁছে দেওয়ার বার্তাই এই আয়োজনের মূল লক্ষ্য।অতীতের উত্তরাধিকারকে সম্মান জানিয়ে বর্তমানের দায়িত্ব পালনের মধ্য দিয়েই ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা সম্ভব—এই বার্তাকে সামনে রেখেই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ঐতিহ্য সপ্তাহ উদযাপিত হচ্ছে।