2047-এর বিকশিত ভারত গড়তে আইআইটি পড়ুয়াদের বড় ভূমিকা, খড়গপুরে বললেন প্রধানমন্ত্রী মোদি!
নিজস্ব সংবাদদাতা: আইআইটি খড়গপুরের 75 বছর পূর্তি উপলক্ষে শনিবার প্রতিষ্ঠানের ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে আইআইটি খড়গপুরের পড়ুয়াদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে আশাপ্রকাশ করেন তিনি। দেশের সামনে কোনও বড় সমস্যা বা চ্যালেঞ্জ দেখা দিলে তার সমাধানে পড়ুয়াদের এগিয়ে আসার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্যে উঠে আসে দেশের দারিদ্র্য, প্রযুক্তিগত অগ্রগতি, আত্মনির্ভরতা এবং বাংলার ঐতিহাসিক গুরুত্বের প্রসঙ্গ।

বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, পাঁচ দশক আগে দারিদ্র্য ছিল দেশের অন্যতম প্রধান সমস্যা। সেই সময় অনেকেই মনে করতেন, দারিদ্র্য দূর করা কার্যত অসম্ভব। কিন্তু বর্তমানে দেশ সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথে এগিয়েছে। তাঁর দাবি, কেন্দ্রের বিজেপি সরকার ইতিমধ্যেই 50 কোটি মানুষকে দারিদ্র্যসীমার বাইরে নিয়ে আসতে সক্ষম হয়েছে। একই সঙ্গে অতীতে দারিদ্র্য দূরীকরণের নামে বিভিন্ন ঘোষণা করা হলেও বাস্তবে পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া হয়নি বলে পূর্ববর্তী সরকারের নীতির সমালোচনা করেন তিনি। নাম না করে ইন্দিরা গান্ধীর ‘গরিবি হটাও’ স্লোগানকেও নিশানা করেন প্রধানমন্ত্রী।

মোদি বলেন, দেশের উন্নয়নকে শুধু ক্ষমতার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, সাধারণ মানুষকে প্রকৃত অর্থে ক্ষমতায়িত করতে হবে। তাঁর বক্তব্যে উঠে আসে ভারতের প্রযুক্তিগত অগ্রগতির কথাও। তিনি বলেন, 75 বছরে ভারত গরুর গাড়ি থেকে বুলেট ট্রেনের যাত্রা দেখেছে। বর্তমানে ভারত চিপ রফতানির ক্ষেত্রেও এগিয়ে আসছে। গত কয়েক বছরে সেমিকন্ডাক্টর শিল্পে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

প্রধানমন্ত্রীর কথায়, “আকাঙ্ক্ষা থেকে আত্মনির্ভরতাই হল বিকশিত ভারতের আসল শক্তি।” ভারতের উন্নয়নে আইআইটি প্রতিষ্ঠানগুলির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি। তাঁর মতে, আইআইটি খড়গপুরের মতো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভবিষ্যতের প্রযুক্তিবিদ, গবেষক ও উদ্ভাবকেরা দেশের উন্নয়নের নতুন দিশা দেখাতে পারেন।

এদিন পশ্চিমবঙ্গের ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলার মাটি চিরকাল নতুন চিন্তাভাবনা ও নতুন ধারণার জন্ম দিয়েছে। স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচনের আগেই আইআইটি খড়গপুরের প্রতিষ্ঠা হয়েছিল। প্রতিষ্ঠার সময় থেকেই এই প্রতিষ্ঠান আধুনিক ভারত গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বাংলাকে স্বাধীনতা সংগ্রামের অন্যতম পীঠস্থান হিসেবে উল্লেখ করে মোদি বলেন, এই মাটির স্বাধীনতা সংগ্রামীরা ভারতকে বিশ্বের দরবারে মর্যাদার আসনে দেখতে চেয়েছিলেন। তাঁদের স্বপ্নকে বাস্তবায়িত করতে বর্তমান প্রজন্মেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।

আইআইটি খড়গপুরের 75 বছরের ঐতিহ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী পড়ুয়াদের উদ্দেশে বার্তা দেন—শুধু ব্যক্তিগত সাফল্য নয়, দেশের সমস্যা সমাধান এবং জাতীয় উন্নয়নেও তাঁদের সক্রিয় ভূমিকা নিতে হবে। 2047 সালের বিকশিত ভারতের লক্ষ্য পূরণে শিক্ষা, গবেষণা, প্রযুক্তি ও উদ্ভাবনকে হাতিয়ার করার উপরই বিশেষ গুরুত্ব দেন তিনি।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
শিক্ষা পরিকাঠামোর উন্নয়নে খড়্গপুর কলেজে নতুন উদ্যোগ, উদ্বোধনে মন্ত্রী দিলীপ ঘোষ!
পশ্চিম মেদিনীপুর
আইআইটি খড়গপুরের 75 বছর পূর্তি, 75 পড়ুয়ার সঙ্গে মতবিনিময় প্রধানমন্ত্রীর!
পশ্চিম মেদিনীপুর