গোয়ালতোড়ে অজানা জন্তুর আতঙ্ক! কামড়-আঁচড়ে জখম প্রায় 50টি গবাদি পশু, হায়নার সন্দেহ ঘিরে চাঞ্চল্য
নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে অজানা জন্তুর হামলায় আতঙ্ক ছড়িয়েছে ভেদুয়া মজুরিপাড়া ও সংলগ্ন এলাকায়। গত কয়েক দিনে প্রায় 40থেকে 50টি মহিষ-গরু ও ছাগলের শরীরে মিলেছে আঁচড় ও কামড়ের ক্ষত। কিন্তু হামলাকারী জন্তুটি হায়না, নাকি অন্য কোনও বন্যপ্রাণী? তা এখনও নিশ্চিত করতে পারেনি বনদপ্তর। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন গড়বেতার বিধায়ক প্রদীপ লোধা। তাঁর উদ্যোগে এলাকায় পৌঁছয় বনদপ্তর ও প্রাণী সম্পদ বিভাগের চিকিৎসক দল। ইতিমধ্যেই আক্রান্ত গবাদি পশুগুলির চিকিৎসা ও টিকাকরণ শুরু হয়েছে।

পাশাপাশি মাইকিং করে গ্রামবাসীদের সতর্ক করা হচ্ছে। আক্রান্ত পশুর দুধ পান না করার পরামর্শ দিয়েছে প্রশাসন। আগামী এক মাস ধরে আহত পশুগুলিকে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এদিকে, অজানা জন্তুর হামলায় আতঙ্কিত গ্রামবাসীরা দ্রুত হামলাকারী প্রাণীটিকে চিহ্নিত করে ধরার দাবি জানিয়েছেন। এলাকায় আরও কোনও পশুর উপর হামলা হতে পারে, এই আশঙ্কায় রাতের বেলাতেও সতর্ক রয়েছেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতির উপর নজর রাখছে বনদপ্তর। তবে ঠিক কোন বন্যপ্রাণীর হামলায় এই ঘটনা ঘটছে, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। বনকর্মীদের তদন্তের পরই বিষয়টি স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।
সম্পর্কিত খবর
দেশ
শনিবার আইআইটি খড়্গপুরে প্রধানমন্ত্রী মোদী, প্ল্যাটিনাম জুবিলিতে উন্মোচন করবেন বিশেষ স্মারক মুদ্রা
পশ্চিম মেদিনীপুর
টাউন মুসলিম কমিটির নির্বাচনে ফের সম্পাদক সরফরাজ খান, দ্বিতীয় ভোটের বৈধতা নিয়ে তুললেন প্রশ্ন
পশ্চিম মেদিনীপুর