শনিবার আইআইটি খড়্গপুরে প্রধানমন্ত্রী মোদী, প্ল্যাটিনাম জুবিলিতে উন্মোচন করবেন বিশেষ স্মারক মুদ্রা
নিজস্ব সংবাদদাতা: আইআইটি খড়্গপুরের 75 বছর পূর্তি বা প্ল্যাটিনাম জুবিলি উদযাপনে শনিবার ক্যাম্পাসে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের প্রথম আইআইটির এই ঐতিহাসিক অনুষ্ঠানে বিশেষ স্মারক মুদ্রা উন্মোচন করবেন তিনি। পাশাপাশি নেতাজি অডিটোরিয়ামে পড়ুয়াদের সঙ্গে মতবিনিময়ও করবেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্যপাল আর. এন. রবির। আইআইটি খড়্গপুরের ডিরেক্টর সুমন চক্রবর্তী জানিয়েছেন, গত বছর প্ল্যাটিনাম জুবিলি উদযাপনের সূচনালগ্নেই প্রধানমন্ত্রীকে ক্যাম্পাসে আসার আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে মোদী আসছেন। প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে পড়ুয়া ও শিক্ষকদের মধ্যে উৎসাহ তুঙ্গে। সফরকালে গুরুত্বপূর্ণ কিছু ঘোষণাও হতে পারে বলে আশা প্রকাশ করেছেন ডিরেক্টর। সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অনুমোদন পেয়েছে আইআইটি খড়্গপুরের এমডি (ডক্টর অফ মেডিসিন) কোর্স। 12টি আসন নিয়ে শুরু হতে চলা এই কোর্স দেশের আইআইটিগুলির মধ্যে প্রথম। আগামী জানুয়ারি থেকেই ক্লাস শুরু হওয়ার কথা। প্রধানমন্ত্রীর ভাষণে এই নতুন কোর্সের প্রসঙ্গ উঠে আসতে পারে। এমনকি আনুষ্ঠানিক ঘোষণাও করতে পারেন তিনি। প্রযুক্তিনির্ভর চিকিৎসাশিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে গবেষণার বিষয়ে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা পাওয়ার আশায় রয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। সফরের সময় আইআইটি খড়্গপুরের দেশ গঠনে অবদান এবং গবেষণার সাফল্যও তুলে ধরা হবে। পাশাপাশি ক্যাম্পাসে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। 2021 সালেও আইআইটি খড়্গপুরে আসার কথা ছিল নরেন্দ্র মোদীর। সেই সময় ক্যাম্পাসের বাইরে নির্মিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামাঙ্কিত হাসপাতালের উদ্বোধন এবং প্রতিষ্ঠানের বার্ষিক সমাবর্তনে ভাষণ দেওয়ার কর্মসূচি ছিল তাঁর। তবে শেষ পর্যন্ত ভার্চুয়াল মাধ্যমে সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এবারই প্রথম সরাসরি আইআইটি খড়্গপুরের ক্যাম্পাসে পা রাখতে চলেছেন তিনি।

উল্লেখ্য,দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর আমলে দেশের প্রাচীনতম এবং বৃহত্তম এই আইআইটি প্রতিষ্ঠিত হয়। 1951–র 18 অগস্ট তৎকালীন শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করেন। প্রথম ডিরেক্টর স্যার জ্ঞানচন্দ্র ঘোষের নেতৃত্বে মাত্র 224 জন পড়ুয়া এবং 42 জন শিক্ষক নিয়ে আইআইটি খড়্গপুর তার পথচলা শুরু করেছিল। 1951 সালে প্রতিষ্ঠিত আইআইটি খড়্গপুরের 75 বছরের গৌরবময় যাত্রায় বর্তমান প্রধানমন্ত্রীর এই উপস্থিতি নিঃসন্দেহে বিশেষ তাৎপর্য বহন করছে।