মেদিনীপুর 22° ☁️ · AQI 188 · মাঝারি 19 নভেম্বর 2026, বৃহস্পতিবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বিশ্ব দর্শন দিবস উদযাপন, দু’দিনের গবেষক সম্মেলনে দর্শনের নানা দিক নিয়ে আলোচনা

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বিশ্ব দর্শন দিবস উদযাপন, দু’দিনের গবেষক সম্মেলনে দর্শনের নানা দিক নিয়ে আলোচনা

নিজস্ব সংবাদদাতা : কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তিগত পরিবর্তন, পরিবেশ সংকট ও সামাজিক বৈষম্যের বর্তমান প্রেক্ষাপটে দর্শনের গুরুত্ব এবং যুক্তিনিষ্ঠ চিন্তাভাবনার প্রসার ঘটাতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হলো ‘বিশ্ব দর্শন দিবস 2026’। এই উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ‘দর্শন ও জীবন-জগৎ’ বিভাগের উদ্যোগে 18 ও 19 নভেম্বর রাজনারায়ণ বসু সভাকক্ষে আয়োজিত হয় দু’দিনের বিভাগীয় গবেষক সম্মেলন।প্রতি বছর নভেম্বর মাসের তৃতীয় বৃহস্পতিবার ইউনেস্কোর উদ্যোগে বিশ্ব দর্শন দিবস পালিত হয়। মানবজীবন, শিক্ষা ও সমাজে দর্শনের প্রাসঙ্গিকতা তুলে ধরা এবং মানুষের মধ্যে মুক্তচিন্তা, যুক্তিবোধ ও নৈতিক দায়িত্ববোধ গড়ে তোলাই এই দিবসের অন্যতম উদ্দেশ্য।

সম্মেলনের প্রথম দিন, 18 নভেম্বর, বিভাগের নথিভুক্ত গবেষকেরা নিজেদের গবেষণার বিষয় ও মূল যুক্তি তুলে ধরে গবেষণাপত্র উপস্থাপন করেন। প্রতিটি উপস্থাপনার পর অধ্যাপক ও গবেষকদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব এবং গঠনমূলক আলোচনা হয়। অংশগ্রহণকারী প্রত্যেক গবেষককে শংসাপত্র প্রদান করা হয়। পাশাপাশি বিচারক মণ্ডলীর মূল্যায়নের ভিত্তিতে শ্রেষ্ঠ উপস্থাপককে ‘সেরা গবেষণাপত্র পুরস্কার’ দিয়ে সম্মানিত করা হয়।

দ্বিতীয় দিন, 19 নভেম্বর, বিশ্ব দর্শন দিবসের বিশেষ অনুষ্ঠানের সূচনা হয় বিভাগের প্রধান অধ্যাপক ঝাড়েশ্বর ঘোষের স্বাগত ভাষণের মধ্য দিয়ে। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর। উদ্বোধনী বক্তব্যে তিনি দর্শনের আন্তঃবিষয়ক চর্চা এবং মুক্ত চিন্তার গুরুত্বের ওপর আলোকপাত করেন।সম্মেলনে বিশিষ্ট বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রাক্তন অধ্যাপক সুনীল রায়। তিনি বাউল দর্শন এবং তার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেন। মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রাক্তন অধ্যাপক তথা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের Adjunct Faculty অধ্যাপক এস. পন্নীরসেলভাম জার্মান দার্শনিক হেবারমাসের সংলাপ দর্শন বিষয়ে বক্তব্য রাখেন। অন্যদিকে, সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দীননাথ ঘটক তুলনামূলকভাবে কম আলোচিত দার্শনিক ও গবেষক হোটি বিদ্যালঙ্কারের জীবন এবং দর্শনচর্চার বিভিন্ন দিক তুলে ধরেন। বিশিষ্ট অধ্যাপকদের আলোচনা, মতামত ও পরামর্শ গবেষকদের ভবিষ্যৎ গবেষণার ক্ষেত্রে নতুন দিশা দেখাবে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা। পরিশেষে ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে দু’দিনের এই গবেষক সম্মেলন ও বিশ্ব দর্শন দিবস উদযাপনের সমাপ্তি ঘটে।