সরকারের কাজ মানুষের কাছে পৌঁছে দিন- খড়গপুরে, বিজেপি কর্মীদের নির্দেশ মুখ্যমন্ত্রীর!
সেখ ওয়ারেশ আলী : ৩০শে আগস্ট ,রবিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের মকরামপুরে একটি বেসরকারি হোটেলে আয়োজিত বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার প্রশিক্ষণ শিবিরে যোগ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশিক্ষণ শিবিরে অংশ নিতে যাওয়ার পথে বেলদায় প্রবল বৃষ্টির মধ্যেও দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে দেখা করেন তিনি এবং তাঁদের সঙ্গে কথা বলেন।মকরামপুরের প্রশিক্ষণ শিবিরে দলীয় কর্মীদের সঙ্গে প্রায় দু'ঘণ্টা বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি সংগঠন ও সরকারের মধ্যে আরও সুদৃঢ় সমন্বয় এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর বিশেষ গুরুত্ব দেন।

মুখ্যমন্ত্রী বলেন, “সরকার এত কাজ করছে। মানুষের পাশে যেতে হবে।” সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি ও জনকল্যাণমূলক কাজের বার্তা আরও বেশি করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দেন তিনি।তবে শুধুমাত্র সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরাই নয়, দলের আদর্শ ও সাংগঠনিক দায়িত্ব নিয়েও কর্মীদের স্পষ্ট বার্তা দেন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, বিজেপির দুটি মূল আদর্শের সঙ্গে কোনওভাবেই আপস করা যাবে না।

ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দেশপ্রেম ও রাষ্ট্রবাদ এবং পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের একান্ত মানববাদ তথা জনকল্যাণের আদর্শকে সামনে রেখেই সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে হবে।প্রশিক্ষণ শিবির থেকে কী বার্তা দেওয়া হয়েছে, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, শিবিরের অভ্যন্তরীণ সমস্ত বিষয় প্রকাশ্যে বলা যায় না।
তাঁর কথায়, “দুটো কাজের জন্য সবাইকে আমি মন্ত্র শপথ বাক্য পাঠ করাচ্ছি।”একইসঙ্গে মানুষের কাছে কোনও বিষয় গোপন না রেখে স্পষ্টভাবে তথ্য ও বক্তব্য তুলে ধরার নির্দেশও দেন তিনি। বিজেপির রাজনৈতিক লক্ষ্য নিয়েও সরাসরি বার্তা দেন মুখ্যমন্ত্রী।সব মিলিয়ে খড়গপুর -মকরামপুরের এই প্রশিক্ষণ শিবির থেকে একদিকে যেমন সরকারের উন্নয়নমূলক কাজের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী, তেমনই দলের আদর্শ, সাংগঠনিক ঐক্য এবং রাজনৈতিক লড়াইয়ের কৌশল নিয়েও দলীয় কর্মীদের স্পষ্ট দিকনির্দেশ দিলেন তিনি।