দেশাত্মবোধের আবহে পশ্চিম মেদিনীপুরে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন

দেশাত্মবোধের আবহে পশ্চিম মেদিনীপুরে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন

সেখ ওয়ারেশ আলী : সারা দেশের সঙ্গে শনিবার উৎসাহ, উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় পশ্চিম মেদিনীপুর জেলাতেও পালিত হচ্ছে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্তে ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক দলগুলির উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়।বিভিন্ন অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি বীর বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান উপস্থিতরা। দেশাত্মবোধ ও স্বাধীনতা সংগ্রামের স্মৃতিতে মুখর হয়ে ওঠে জেলার বিভিন্ন এলাকা।

পশ্চিম মেদিনীপুর জেলার মূল স্বাধীনতা দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মেদিনীপুরে জেলাশাসকের কার্যালয় প্রাঙ্গণে। সকাল ৯টায় পূর্ণ মর্যাদার সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা। এরপর জেলাবাসীর উদ্দেশে বক্তব্য রাখেন তিনি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ কুচকাওয়াজেও অংশ নেন জেলাশাসক ও পুলিশ সুপার।

এদিন জেলাশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের। জেলার বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা এতে অংশগ্রহণ করে দেশাত্মবোধক গান, নৃত্যসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা তুলে ধরে। তাঁদের পরিবেশনায় স্বাধীনতার আবেগ ও দেশপ্রেমের বার্তা আরও প্রাণবন্ত হয়ে ওঠে।