এশিয়ান গেমসে ভল্ট ফাইনালে পশ্চিম মেদিনীপুরের প্রণতি, পদকের লড়াই ২৪ সেপ্টেম্বর!

এশিয়ান গেমসে ভল্ট ফাইনালে পশ্চিম মেদিনীপুরের প্রণতি, পদকের লড়াই ২৪ সেপ্টেম্বর!
এএনআই ফটো | ২০২৬ এশিয়ান গেমসের ব্যক্তিগত ভল্ট ফাইনালে যোগ্যতা অর্জন করলেন প্রণতি নায়েক

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুরের পিংলার মেয়ে প্রণতি নায়েক ফের আন্তর্জাতিক মঞ্চে নজর কাড়লেন। ২০২৬ এশিয়ান গেমসে ভারতের একমাত্র জিমন্যাস্ট হিসেবে অংশ নেওয়া প্রণতি মহিলাদের ব্যক্তিগত ভল্ট ইভেন্টে ফাইনালে জায়গা করে নিয়েছেন। তাঁর এই সাফল্যে নতুন করে গর্বিত পিংলা তথা বাংলা।মঙ্গলবার আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের মহিলাদের ব্যক্তিগত ভল্টের যোগ্যতা অর্জন পর্বে মোট ১৯ জন প্রতিযোগীর মধ্যে ১২.৯১৬ স্কোর করে সপ্তম স্থানে শেষ করেন প্রণতি।

ফলে আটজন প্রতিযোগীকে নিয়ে আয়োজিত ফাইনালের ছাড়পত্র পেয়ে যান বঙ্গকন্যা। আগামী ২৪ সেপ্টেম্বর পদকের লক্ষ্যে লড়াই করবেন তিনি।যোগ্যতা অর্জন পর্বে দু’টি ভল্টে অংশ নেন প্রণতি। প্রথম ভল্টে তাঁর স্কোর ছিল ১৩.০০০। দ্বিতীয় ভল্টে স্কোর কিছুটা কমে দাঁড়ায় ১২.৪৩৩। দু’টি ভল্টের গড় স্কোর ছিল ১২.৭১৬। পরে তাঁর স্কোরে আরও ০.২০০ পয়েন্ট যোগ হওয়ায় সম্মিলিত স্কোর দাঁড়ায় ১২.৯১৬।

এশিয়ান জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে ইতিমধ্যেই তিনটি পদক জয়ের কৃতিত্ব রয়েছে প্রণতির। এবার এশিয়ান গেমসের মঞ্চে দেশের হয়ে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পদক জয়ের লক্ষ্যে নামবেন তিনি।পিংলার এই কন্যার সামনে এখন আরও বড় চ্যালেঞ্জ। ২৪ সেপ্টেম্বরের ফাইনালে আট প্রতিযোগীর লড়াইয়ে প্রণতি কেমন ফল করেন, সেদিকেই তাকিয়ে বাংলার ক্রীড়াপ্রেমীরা।