নেপালের ভয়াবহ বন্যা-ধসের মাঝে নিখোঁজ খড়গপুরের পর্যটক, উৎকণ্ঠায় প্রহর গুনছে পরিবার!
অভিজিৎ সাহা : পাহাড়ের প্রতি ছিল তাঁর অদম্য টান। সুযোগ পেলেই বেরিয়ে পড়তেন প্রকৃতির টানে। কিন্তু সেই পাহাড় ভ্রমণই এবার পরিবারের কাছে দুঃস্বপ্ন হয়ে উঠেছে। ভয়াবহ বন্যা ও ধসে বিপর্যস্ত নেপালে ঘুরতে গিয়ে নিখোঁজ হয়েছেন খড়গপুরের এক অবসরপ্রাপ্ত রেলকর্মী। মঙ্গলবার রাত থেকে তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করতে না পারায় চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।নিখোঁজ ওই ব্যক্তির নাম স্বপন কুমার সিনহা (৬২)। তিনি খড়গপুরের প্রেমবাজার এলাকার বাসিন্দা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় সাত দিন আগে বাড়ি থেকে বেরিয়েছিলেন স্বপনবাবু। গত ২১ আগস্ট কলকাতার একটি ট্যুর অ্যান্ড ট্রাভেলস সংস্থার মাধ্যমে কয়েকজনের একটি দলের সঙ্গে নেপাল ভ্রমণে যান তিনি।স্বপনবাবুর স্ত্রী সোনালী সিনহা জানিয়েছেন, মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ শেষবারের মতো তাঁর স্বামীর সঙ্গে ফোনে কথা হয়েছিল। সেই সময় স্বপনবাবু জানান, তাঁদের এলাকায় প্রবল ধস নেমেছে। তবে তিনি একটি হোটেলে নিরাপদ জায়গাতেই রয়েছেন বলে আশ্বস্ত করেছিলেন পরিবারকে।পরিস্থিতির অবনতি হওয়ায় এলাকায় মোবাইল নেটওয়ার্কের সমস্যাও দেখা দিতে পারে বলে স্ত্রীকে আগাম জানিয়েছিলেন স্বপনবাবু। কিন্তু সেই ফোনালাপের পর থেকেই তাঁর সঙ্গে আর কোনওভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি।নেপালে বন্যা ও ভূমিধসের পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে ওঠায় স্বপনবাবুর পরিবারের দুশ্চিন্তা আরও বেড়েছে। তাঁর সঙ্গে থাকা অন্য পর্যটকদের সঙ্গে যোগাযোগের চেষ্টাও চালাচ্ছেন পরিবারের সদস্যরা।প্রিয়জনের কোনও খোঁজ না মেলায় এখন প্রতিটি মুহূর্ত যেন অনিশ্চয়তায় কাটছে পরিবারের। প্রশাসনের সহযোগিতায় দ্রুত স্বপন কুমার সিনহার সন্ধান মিলবে—এই আশাতেই প্রহর গুনছেন তাঁর আত্মীয়-পরিজনরা।