খড়গপুরে টানা বৃষ্টিতে জলমগ্ন একাধিক এলাকা, নিকাশি নিয়ে ক্ষোভ বাসিন্দাদের!
নিজস্ব সংবাদদাতা : খড়গপুর শহরে টানা বৃষ্টির জেরে একাধিক এলাকায় জল জমে দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। নাগাড়ে বৃষ্টি শুরু হওয়ায় শহরের বিভিন্ন প্রান্তে রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ে। পুরী গেট, ইন্দা, কৌশল্যা, সুভাষপল্লি থেকে শুরু করে খড়গপুর পুরসভার অফিস চত্বর—একাধিক এলাকায় থইথই করছে জল।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে শহরের নিকাশি নালা সংস্কার ও নিয়মিত পরিষ্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় জল জমছে।

পরিস্থিতি যে পুর কর্তৃপক্ষের নজরের বাইরে নয়, তার অন্যতম উদাহরণ পুরসভার সামনের এলাকাতেই জল জমে যাওয়া।খড়গপুর মহকুমা হাসপাতালের যাওয়ার রাস্তাতেও জল জমায় সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। জল পেরিয়েই মোটরবাইক, গাড়ি কিংবা অন্যান্য যানবাহন নিয়ে যাতায়াত করতে হচ্ছে। ফলে যে কোনও সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কাও তৈরি হয়েছে।

বাসিন্দাদের একাংশের দাবি, এতদিন জল জমার সমস্যার জন্য রেলের নিকাশি ব্যবস্থা সংস্কার না হওয়ার বিষয়টিকে দায়ী করা হয়েছে। কিন্তু বর্তমানে রাজ্যে ‘ডাবল ইঞ্জিন’ সরকার থাকায় এবার খড়গপুরের জলনিকাশি সমস্যার স্থায়ী সমাধানের আশায় রয়েছেন শহরবাসী। দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে কবে মুক্তি মিলবে, এখন সেটাই দেখার।