দাঁতনে বাল্যবিবাহ ও সাইবার অপরাধ রুখতে সচেতনতা শিবির, ছাত্রীদের নিরাপত্তায় পুলিশের বার্তা!
নিজস্ব সংবাদদাতা : বাল্যবিবাহ প্রতিরোধ, সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নারী নিরাপত্তার বার্তা দিতে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে দাঁতন রবীন্দ্র ভবনে আয়োজিত হল বিশেষ সচেতনতা শিবির। দাঁতন থানার ব্যবস্থাপনায় আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং প্রশাসনের আধিকারিকরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার বুশরা বানু, দাঁতন থানার আইসি সুবীর মাঝি, বেলদার ডিওপি-সহ পুলিশের অন্যান্য আধিকারিক এবং কেশিয়াড়ি বিধায়ক ভদ্র হেমরম।

বিদ্যালয়গুলির প্রধান শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণে সচেতনতা শিবিরটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।শিবিরে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং অল্প বয়সে বিয়ে রুখতে পরিবার ও সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

পাশাপাশি বর্তমান সময়ে ক্রমবর্ধমান সাইবার প্রতারণা ও সাইবার অপরাধ থেকে কীভাবে নিজেদের সুরক্ষিত রাখা যায়, সে বিষয়েও ছাত্রীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়।নারী নিরাপত্তার বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কোনও ধরনের ভয়, হুমকি বা হয়রানির ঘটনা ঘটলে দ্রুত প্রশাসনের সাহায্য নেওয়ার পাশাপাশি নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার বার্তা দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।

পুলিশ আধিকারিকদের বক্তব্যে উঠে আসে, একটি মেয়ের ভবিষ্যৎ যেন বাল্যবিবাহের কারণে থমকে না যায় এবং প্রযুক্তির অপব্যবহারের শিকার হয়ে তার নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়। একইসঙ্গে ছাত্রীদের আত্মবিশ্বাসী ও সচেতন হয়ে নিজেদের নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।