বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ‘গ্রন্থাগার কথামালা’-র প্রথম অধিবেশন, আলোচনায় জেটোর জনগোষ্ঠীর ইতিহাস ও লোকজীবন!

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ‘গ্রন্থাগার কথামালা’-র প্রথম অধিবেশন, আলোচনায় জেটোর জনগোষ্ঠীর ইতিহাস ও লোকজীবন!

নিজস্ব সংবাদদাতা : ২৫ আগস্ট মঙ্গলবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সেমিনার হলে অনুষ্ঠিত হল ‘গ্রন্থাগার কথামালা’ (Library Talks)-র প্রথম অধিবেশন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সম্মাননীয় উপাচার্য উপস্থিত থাকতে না পারায় অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. ইন্দ্রনীল আচার্য।উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক আচার্য লোককথা ও লোকজীবন নিয়ে অ্যাকাডেমিক চর্চার গুরুত্ব এবং বর্তমান সময়ে তার প্রাসঙ্গিকতার কথা তুলে ধরেন।

এরপর ইংরেজি বিভাগের অধ্যাপক ড. দেবদাস রায় ‘জেটোরদের কথা’ শীর্ষক একটি তথ্যসমৃদ্ধ ও মনোজ্ঞ বক্তৃতা উপস্থাপন করেন।বক্তৃতায় পশ্চিম মেদিনীপুর ও পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসকারী তুলনামূলকভাবে অজ্ঞাতপ্রায় জেটোর জনগোষ্ঠীর নৃতাত্ত্বিক ইতিহাস, জীবনযাত্রা, লোককথা, অর্থনৈতিক জীবন, ঐতিহ্য এবং বর্তমান সময়ের নানা সংকটের দিক উঠে আসে। দীর্ঘদিন ধরে আলোচনার আড়ালে থাকা এই জনগোষ্ঠীর জীবন ও সংস্কৃতির বিভিন্ন দিক সম্পর্কে অনুষ্ঠানে উপস্থিত শ্রোতারা গুরুত্বপূর্ণ তথ্য জানার সুযোগ পান।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপক-অধ্যাপিকা, গবেষক-গবেষিকা এবং ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। তাঁদের আগ্রহ ও অংশগ্রহণে অধিবেশনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।সব মিলিয়ে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ‘গ্রন্থাগার কথামালা’-র প্রথম অধিবেশনটি লোকসংস্কৃতি ও প্রান্তিক জনগোষ্ঠী নিয়ে গবেষণা ও চর্চার ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে উঠে আসে।