ক্যাটালিনা চ্যানেল জয়ের লক্ষ্যে আফরিন জাবিকে সম্মাননা!

ক্যাটালিনা চ্যানেল জয়ের লক্ষ্যে আফরিন জাবিকে সম্মাননা!

নিজস্ব সংবাদদাতা : একের পর এক আন্তর্জাতিক জলপথ জয় করে এবার আরও কঠিন চ্যালেঞ্জের সামনে মেদিনীপুরের সাঁতারু আফরিন জাবি। ইংলিশ চ্যানেল এবং পক প্রণালী জয় করার পর এবার তাঁর লক্ষ্য আমেরিকার ক্যাটালিনা চ্যানেল। সেই লক্ষ্যকে সামনে রেখে কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি। এরই মধ্যে মেদিনীপুর সুইমিং ক্লাবের পক্ষ থেকে ক্যাটালিনা চ্যানেল জয়ের লক্ষ্যে আফরিন জাবিকে সম্মাননা জানানো হয়।আগামী ২২ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়া উপকূল থেকে ক্যাটালিনা চ্যানেল জয়ের উদ্দেশ্যে সাঁতার শুরু করবেন আফরিন। ওপেন-ওয়াটার সাঁতারের অন্যতম কঠিন চ্যালেঞ্জ হিসেবে পরিচিত এই জলপথে সফল হতে হলে শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক দৃঢ়তাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কথা মাথায় রেখেই নিয়মিত কঠোর অনুশীলন করছেন মেদিনীপুরের এই সাঁতারু।এর আগে গত বছরের জুলাইয়ে প্রায় ৩৪ কিলোমিটার দীর্ঘ ইংলিশ চ্যানেল অতিক্রম করে নজির গড়েন আফরিন।

দীর্ঘ এই জলপথ পেরোতে তাঁর সময় লেগেছিল ১৩ ঘণ্টা ১৩ মিনিট। এরপর চলতি বছরের মে মাসে ভারত ও শ্রীলঙ্কার মধ্যবর্তী প্রায় ৩৪ কিলোমিটার দীর্ঘ পক প্রণালী সাঁতরে পার হন তিনি। পক প্রণালী জয় করতে তাঁর সময় লাগে ৭ ঘণ্টা ৫ মিনিট।পরপর দুটি কঠিন আন্তর্জাতিক জলপথ সফলভাবে অতিক্রম করার পর এবার তাঁর সামনে নতুন পরীক্ষা ক্যাটালিনা চ্যানেল। অন্যান্য জলপথের তুলনায় এখানে সাঁতারের পরিস্থিতি বেশ আলাদা। সমুদ্রের জলের তাপমাত্রার পরিবর্তনও সাঁতারুদের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ।

আফরিনের কথায়, উষ্ণ জল থেকে হঠাৎ ঠান্ডা জলের মধ্যে পড়ার মতো পরিস্থিতির জন্যও তাঁকে প্রস্তুত থাকতে হবে।ক্যাটালিনা চ্যানেল জয়ের লক্ষ্যে তাই অনুশীলনে কোনও খামতি রাখতে চাইছেন না আফরিন। প্রস্তুতির অংশ হিসেবে মেদিনীপুর সুইমিং ক্লাবে টানা ১৪ ঘণ্টা সাঁতার কাটেন তিনি। দীর্ঘ সময় জলে থেকে শরীর ও মনকে প্রতিকূল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি সহনশক্তি বাড়ানোর দিকেও জোর দিচ্ছেন তিনি।ইংলিশ চ্যানেল ও পক প্রণালী জয়ের পর এবার ক্যাটালিনা চ্যানেল—আফরিনের সামনে অপেক্ষা করছে আরও একটি আন্তর্জাতিক পরীক্ষা। মেদিনীপুরের এই সাঁতারুর নতুন অভিযানের দিকে তাকিয়ে রয়েছেন জেলার ক্রীড়াপ্রেমী মানুষও। সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এবার আমেরিকার জলপথ জয় করে নতুন ইতিহাস গড়ার লক্ষ্যেই এগিয়ে চলেছেন আফরিন।