শালবনীর নান্দাড়িয়া বিদ্যাপীঠে বাল্যবিবাহ রোধে সচেতনতা শিবির, পড়ুয়াদের বার্তা জেলা পুলিশ সুপারের!
নিজস্ব সংবাদদাতা : বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি রুখতে পড়ুয়াদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের শালবনী ব্লকের নান্দাড়িয়া শাস্ত্রী স্মৃতি বিদ্যাপীঠে আয়োজিত হল বাল্যবিবাহ প্রতিরোধ সচেতনতা শিবির। জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানার উপস্থিতিতে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বাল্যবিবাহের কুফল, নারী নিরাপত্তা এবং মেয়েদের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার উত্তম ঘোষ, সহকারী পুলিশ সুপার আতিয়া রহমান, শালবনী থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌরভ ঘোষ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুদ্ধদেব চট্টোপাধ্যায়-সহ অন্যান্যরা।

শিবিরে বিদ্যালয়ের ছাত্রীদের উদ্দেশে জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা কম বয়সে বিয়ের শারীরিক, মানসিক ও সামাজিক ক্ষতিকর দিকগুলি তুলে ধরেন। পাশাপাশি পড়াশোনা চালিয়ে গিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য ছাত্রীদের উৎসাহিত করেন। কোনও ধরনের সমস্যা বা নিরাপত্তাজনিত আশঙ্কা তৈরি হলে পুলিশ প্রশাসনের সাহায্য নেওয়ার আহ্বানও জানান তিনি।

পুলিশ বিভাগের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের প্রয়োজনীয় সহযোগিতা এবং ছাত্রীদের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে বিভিন্ন সরকারি সহায়তার বিষয়ে আশ্বস্ত করেন জেলা পুলিশ সুপার। একইসঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, বিদ্যালয় এবং সমাজের প্রত্যেককে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।