কন্যারত্ন দিবসে পাথরা হাইস্কুলে বাল্যবিবাহ রোধের বার্তা, সচেতনতা শিবিরে পুলিশ সুপার পাপিয়া সুলতানা!
নিজস্ব সংবাদদাতা : কন্যারত্ন দিবস উপলক্ষে বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লকের পাথরা হাইস্কুলে অনুষ্ঠিত হল বিশেষ সচেতনতা শিবির। শুক্রবার আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা।বিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গে বাল্যবিবাহের কুফল, নারী নিরাপত্তা এবং কম বয়সে বিয়ের কারণে ভবিষ্যতে তৈরি হওয়া নানা সমস্যার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন পুলিশ সুপার। বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, বিদ্যালয় এবং সমাজের সম্মিলিত ভূমিকার উপর তিনি গুরুত্ব দেন।পড়ুয়াদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, নিজেদের শিক্ষিত করে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে এগিয়ে যেতে হবে। প্রয়োজনে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের সবরকম সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

একইসঙ্গে ছাত্রীদের উচ্চশিক্ষা ও জীবনে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণের আহ্বান জানান। বাল্যবিবাহ রোধে সকলকে সক্রিয়ভাবে এগিয়ে আসার বার্তাও দেন তিনি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার উত্তম ঘোষ, কোতোয়ালি থানার আইসি দীপঙ্কর দাস, বিদ্যাসাগর পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট লেখিকা রোশেনারা খান, চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক ও সমাজকর্মী সুদীপ কুমার খাঁড়া এবং পাথরা হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ সিং।

প্রত্যেকেই কন্যারত্ন দিবসের তাৎপর্য এবং বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের দায়িত্বের বিষয়টি উপস্থিত পড়ুয়া ও অভিভাবকদের সামনে তুলে ধরেন।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে উজ্জ্বল মণ্ডল, পিনাকী দাস ভৌমিক, বৈশাখী ঘোষ, শিউলি বিষই মণ্ডল, সুশান্ত সামন্ত, সৌরভ ঘোষ, পুষ্পেন্দু চক্রবর্তী-সহ অন্যান্যরা।সচেতনতা শিবিরের পাশাপাশি বিদ্যালয়ের পক্ষ থেকে বাল্যবিবাহ প্রতিরোধ এবং দেশাত্মবোধের বার্তা তুলে ধরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান, আবৃত্তি ও বিভিন্ন পরিবেশনার মাধ্যমে পড়ুয়ারা বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতার পাশাপাশি দেশপ্রেমের বার্তাও তুলে ধরে।কন্যারত্ন দিবসে পাথরা হাইস্কুলের এই উদ্যোগের মাধ্যমে পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী নিরাপত্তা নিয়ে সচেতনতা আরও বাড়বে বলে মনে করছেন উদ্যোক্তারা।