নিরাপদ সড়কের লক্ষ্যে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলে পুলিশের বিশেষ পরিষ্কার অভিযান!
নিজস্ব সংবাদদাতা : ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার উদ্যোগে রাস্তা নিরাপদ ও দুর্ঘটনামুক্ত রাখতে নেওয়া হলো বিশেষ কর্মসূচি। রবিবার, ৩০ আগস্ট সাঁকরাইল ব্লকের বিভিন্ন রাজ্য সড়ক এবং গুরুত্বপূর্ণ রাস্তার বাঁক ও টার্নিংয়ে বেড়ে ওঠা ঝোপঝাড় এবং রাস্তার উপর ঝুলে থাকা ডালপালা পরিষ্কার করা হয়।সাঁকরাইল থানার ওসি সৌমেন সিনহা মহাপাত্রের নেতৃত্বে পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের নিয়ে এই অভিযান চালানো হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত এসআই সৌমেন দত্ত এবং এএসআই কৌসর আলি মল্লিক।এদিন ওসি নিজে বিভিন্ন এলাকা ঘুরে রাস্তার পরিস্থিতি খতিয়ে দেখেন। বিশেষ করে বিভিন্ন বাঁক ও গুরুত্বপূর্ণ টার্নিংয়ে ঝোপঝাড় এবং গাছের ঝুলন্ত ডালপালার কারণে যানবাহন চালকদের দৃষ্টিসীমা বাধাগ্রস্ত হচ্ছিল বলে জানা যায়।

এর ফলে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছিল। সেই ঝুঁকি কমাতেই পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের সহযোগিতায় রাস্তার দু'পাশের ঝোপঝাড় পরিষ্কার এবং ঝুলে থাকা ডালপালা সরানোর কাজ করা হয়।অভিযান চলাকালীন কিসমত রামানন্দপুর এলাকায় রাজ্য সড়কের একাংশ দখল করে কাঠ ও ইঞ্জিনচালিত টলি রাখা রয়েছে বলে ওসির নজরে আসে। বিষয়টি দেখে সংশ্লিষ্টদের সতর্ক করে দ্রুত রাস্তা থেকে ওই সামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দেন তিনি।

পাশাপাশি ভবিষ্যতে রাস্তা দখল করে কাঠ, টলি বা অন্য কোনও সামগ্রী রাখা হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।সাঁকরাইল থানার আওতাধীন ১০টি গ্রাম পঞ্চায়েত এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা ও টার্নিংয়ে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি চালানো হয়েছে। পুলিশের এই উদ্যোগে রাস্তার দৃশ্যমানতা বাড়ার পাশাপাশি যানবাহন চলাচল আরও নিরাপদ হবে এবং দুর্ঘটনার ঝুঁকিও অনেকাংশে কমবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।