বেলদায় রাখী বন্ধন উৎসবে জনপ্রিয় অভিনেতা বিশ্বনাথ বসু, উৎসবে বাড়তি উন্মাদনা!
নিজস্ব সংবাদদাতা : রাখী বন্ধন উৎসবকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুরের একাধিক এলাকায় উৎসবের আবহ। এই বিশেষ উপলক্ষে নারায়ণগড়, বেলদা, দাঁতন ও সবং থানার বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হলেন বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা বিশ্বনাথ বসু। তাঁর উপস্থিতিতে উৎসবের আনন্দ আরও বেড়ে যায়।এদিন নারায়ণগড় বিধানসভার বিধায়কের সঙ্গে বেলদা কলেজেও রাখী বন্ধন উৎসবে অংশগ্রহণ করেন অভিনেতা বিশ্বনাথ বসু। সেখানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়া এবং সাধারণ মানুষের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেন তিনি।অভিনেতাকে কাছ থেকে দেখতে এবং তাঁর সঙ্গে রাখী বন্ধন উৎসবে অংশ নিতে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। একে অপরের হাতে রাখী পরিয়ে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা তুলে ধরা হয়।নারায়ণগড় থেকে বেলদা, দাঁতন থেকে সবং—জেলার বিভিন্ন প্রান্তে দিনভর রাখী বন্ধন উৎসবকে ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ। জনপ্রিয় অভিনেতা বিশ্বনাথ বসুর উপস্থিতি এই অনুষ্ঠানে যোগ করে বিশেষ আকর্ষণ।সম্প্রীতি ও সামাজিক বন্ধনের বার্তা নিয়ে আয়োজিত এই রাখী বন্ধন উৎসব স্থানীয় মানুষের মধ্যে বিশেষ সাড়া ফেলেছে।