নামেনি বন্যার জল! ঘাটালে অসুস্থ বাসিন্দাকে স্পিডবোটে উদ্ধার করে হাসপাতালে পাঠাল রেসকিউ টিম!

নামেনি বন্যার জল! ঘাটালে অসুস্থ বাসিন্দাকে স্পিডবোটে উদ্ধার করে হাসপাতালে পাঠাল রেসকিউ টিম!

সুমন মন্ডল : শিলাবতী ও ঝুমি নদীর জলস্তর বেড়ে প্লাবিত ঘাটালের বিস্তীর্ণ এলাকা। বন্যার জল নামার অপেক্ষায় চারদিন কেটে গেলেও এখনও বহু এলাকা জলমগ্ন। জলমগ্ন রাস্তাঘাটের কারণে স্বাভাবিক জনজীবন কার্যত বিপর্যস্ত। বহু জায়গায় যাতায়াতের একমাত্র ভরসা নৌকা।এরই মধ্যে ঘাটালের গঙ্গাপ্রসাদ এলাকায় অসুস্থ ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিল উদ্ধারকারী দল। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনসুকা-২ গ্রাম পঞ্চায়েতের এই এলাকায় বন্যার জেরে রাস্তাঘাট জলের তলায় চলে যাওয়ায় অসুস্থ দুই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া নিয়ে তৈরি হয় সমস্যা।

খবর পেয়ে দ্রুত তৎপর হয় ব্লক প্রশাসন ও রেসকিউ টিম। স্পিডবোট পাঠিয়ে জলমগ্ন এলাকা থেকে ওই দুই অসুস্থ ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।ঘাটাল বিধানসভার বিধায়ক শীতল কপাট বলেন, “যে কোনও পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত স্পিডবোট পাঠিয়ে অসুস্থ দুই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।”বন্যা পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে রয়েছে প্রশাসন। জলস্তর ও পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখার পাশাপাশি জরুরি পরিষেবা সচল রাখতে তৎপর রয়েছে প্রশাসন ও উদ্ধারকারী দল। তবে চারদিন পরেও বহু এলাকা জলমগ্ন থাকায় স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ এখনও কাটেনি।