শালবনির জমি দুর্নীতি মামলা: প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে জিজ্ঞাসাবাদ করবে সি.আই.ডি!

শালবনির জমি দুর্নীতি মামলা: প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে জিজ্ঞাসাবাদ করবে সি.আই.ডি!

সেখ ওয়ারেশ আলী : পশ্চিম মেদিনীপুর জেলার  শালবনির জমি দুর্নীতি মামলায় তদন্ত আরও জোরদার করল সিআইডি। এই মামলায় গ্রেফতার হওয়া প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে সোমবার মেদিনীপুর আদালতে আবেদন জানায় তদন্তকারী সংস্থা। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে বলে জানা গিয়েছে।

আদালতের অনুমতি পাওয়ার পরই সুজয় হাজরাকে জিজ্ঞাসাবাদ করে জমি সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে চাইছে সিআইডি। তদন্তকারীদের মূল লক্ষ্য, জমির নথি, আর্থিক লেনদেন এবং এই ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভূমিকা সম্পর্কে আরও তথ্য সামনে আনা।সোমবার সন্ধ্যায় সিআইডির আধিকারিকরা প্রথমে শালবনী থানায় যান। এরপর তাঁরা বিএলআরও অফিস এবং কর্ণগড় গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে গিয়ে বিভিন্ন নথি ও তথ্য খতিয়ে দেখেন। পরে ফের শালবনী থানায় পৌঁছন তদন্তকারীরা।

এই মামলায় ইতিমধ্যেই একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। সোমবার মামলায় নাম উঠে আসা সুমিত রায়কেও ভবানী ভবনে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তের অগ্রগতির জন্য বিভিন্ন নথি ও তথ্য সংগ্রহের পাশাপাশি মামলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

সূত্রের খবর, শালবনির জমি দুর্নীতি মামলার তদন্তে ইতিমধ্যেই একটি বিশেষ তদন্তকারী দল বা SIT গঠন করা হয়েছে। ওই দলে রয়েছেন তিনজন আইপিএস পদমর্যাদার আধিকারিক। তদন্তের বিভিন্ন দিক খতিয়ে দেখার পাশাপাশি জমির নথি, লেনদেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন তদন্তকারীরা।এখন আদালতের অনুমতি অনুযায়ী সুজয় হাজরাকে জিজ্ঞাসাবাদের পর নতুন কী তথ্য সামনে আসে, সেদিকেই নজর রয়েছে। তদন্তের গতিপ্রকৃতি আগামী দিনে এই মামলায় আরও কোনও গুরুত্বপূর্ণ তথ্য বা নাম সামনে আনে কি না, সেটাই দেখার।