রাজ্যের নাম বদলে সব ভাষায় ‘পশ্চিমবঙ্গ’ করার উদ্যোগ, 9 ডিসেম্বর বিধানসভায় প্রস্তাব পেশের ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিজস্ব সংবাদদাতা: ইংরেজিতে ‘ওয়েস্ট বেঙ্গল’, বাংলায় ‘পশ্চিমবঙ্গ’—এবার থেকে সব ভাষাতেই রাজ্যের নাম এক রাখার উদ্যোগ নিল নতুন সরকার। রাজ্যের নাম পরিবর্তন করে সব ভাষায় ‘পশ্চিমবঙ্গ’ করার প্রস্তাব আগামী 9 ডিসেম্বর বিধানসভায় পেশ করা হবে বলে সোমবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, আগামী 4 ডিসেম্বর থেকে বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হবে। অধিবেশনের 9 ডিসেম্বর রাজ্যের নাম সংক্রান্ত প্রস্তাবটি পেশ করা হবে। বিধানসভায় প্রস্তাব পাশ হলে তা চূড়ান্ত অনুমোদনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে। উল্লেখ্য, রাজ্যের নাম পরিবর্তনের দাবি দীর্ঘদিনের। পূর্বতন তৃণমূল সরকারের আমলে বাংলায় ‘বাংলা’ এবং ইংরেজিতে ‘Bengal’ নাম করার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু কেন্দ্রের অনুমোদন না মেলায় সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি। অন্যদিকে, রাজনৈতিক পালাবদলের পর বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্ট জানিয়েছিলেন, সব ভাষাতেই রাজ্যের নাম হবে ‘পশ্চিমবঙ্গ’।প্রশাসনিক বৈঠকে রাজ্যের প্রতিনিধিত্বের ক্ষেত্রেও নামের বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। আসলে রাজ্যের প্রতিনিধিদের নিয়ে কেন্দ্রীয় সরকারের বৈঠকে ইংরেজি বর্ণমালা অনুযায়ী রাজ্যগুলোকে বলার সুযোগ দেওয়া হয়েছে। ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে রাজ্যগুলির তালিকা তৈরি হওয়ায় ‘West Bengal’ নামের কারণে এক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল সুযোগ পায় সবার শেষে। 1999 সালেও বামফ্রন্ট সরকারের আমলে রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাব বিধানসভায় উঠেছিল। রাজ্যের নাম সব ভাষাতেই ‘পশ্চিমবঙ্গ’ করা হোক। কিন্তু আলোচনায় তখন ঠিক হয় ‘বাংলা’ নামটা ভালো। তবে সেই উদ্যোগও সফল হয়নি। এবার নতুন সরকারের উদ্যোগে রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাব বিধানসভায় উঠতে চলেছে। দীর্ঘদিনের এই দাবি এবার বাস্তবায়িত হয় কি না, তা নির্ভর করছে বিধানসভার সিদ্ধান্ত এবং পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকারের অনুমোদনের উপর।
সম্পর্কিত খবর
পশ্চিমবঙ্গ
জানুয়ারি থেকেই মাসে মাসে বিদ্যুতের বিল, বেকারদের ভাতা ও গো সেবায় অনুদান—নবান্নে মুখ্যমন্ত্রীর একগুচ্ছ ঘোষণা
পশ্চিমবঙ্গ
জনপ্রিয় পানীয় জলের ব্র্যান্ড বিসলেরি ঘিরে বিতর্ক, পরীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য
পশ্চিমবঙ্গ