ক্যাটালিনা চ্যানেল জয়ের স্বপ্নে আফরিনের পাশে রশ্মি গ্রুপ, মোট সহায়তা ১০ লক্ষ ২৫ হাজার টাকা!

ক্যাটালিনা চ্যানেল জয়ের স্বপ্নে আফরিনের পাশে রশ্মি গ্রুপ, মোট সহায়তা ১০ লক্ষ ২৫ হাজার টাকা!

সেখ ওয়ারেশ আলী : আন্তর্জাতিক ওপেন-ওয়াটার সাঁতারের মঞ্চে ভারতের হয়ে ইতিহাস গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছেন পশ্চিম মেদিনীপুরের কৃতী সাঁতারু আফরিন জাবী। আগামী ২২ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূল থেকে ক্যাটালিনা চ্যানেল পার হওয়ার সাঁতার অভিযান শুরু করবেন আফরিন।ক্যাটালিনা চ্যানেল এক্সপিডিশন ২০২৬’-এ ভারতের প্রতিনিধিত্ব করে বিশ্বের অন্যতম কঠিন এই জলপথ জয়ের স্বপ্ন নিয়ে জোরকদমে প্রস্তুতি চালাচ্ছেন তিনি। আর তাঁর সেই স্বপ্নপূরণের অভিযানে ফের আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিল রশ্মি গ্রুপ।কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা বা CSR কর্মসূচির আওতায় রশ্মি গ্রুপের ওড়িশা মেটালিক্স প্রাইভেট লিমিটেড (ইউনিট-১)-এর পক্ষ থেকে আফরিন জাবীর হাতে আরও ৫ লক্ষ ২৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

২৯শে আগস্ট শনিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সঙ্গম কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে আফরিনের হাতে এই আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা এবং রশ্মি গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর ভাস্কর চৌধুরী। এছাড়াও জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং রশ্মি গ্রুপের একাধিক পদস্থ কর্তা উপস্থিত ছিলেন।এর আগেও আফরিনের আন্তর্জাতিক অভিযানের প্রস্তুতির জন্য জেলাশাসকের দপ্তরে রশ্মি গ্রুপের পক্ষ থেকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছিল। শনিবারের আরও ৫ লক্ষ ২৫ হাজার টাকা মিলিয়ে ক্যাটালিনা চ্যানেল অভিযানের জন্য আফরিনের পাশে দাঁড়িয়ে রশ্মি গ্রুপের মোট আর্থিক সহযোগিতার পরিমাণ দাঁড়াল ১০ লক্ষ ২৫ হাজার টাকা

রশ্মি গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর ভাস্কর চৌধুরী বলেন, “দেশের গৌরব বৃদ্ধি করেন এমন ক্রীড়াবিদদের পাশে দাঁড়াতে রশ্মি গ্রুপ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। আফরিনকে সহযোগিতা করার এই সুযোগ করে দেওয়ার জন্য আমরা মাননীয়া পুলিশ সুপার মহাশয়াকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।”রশ্মি গ্রুপের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা। তিনি বলেন, দেশের ক্রীড়াবিদরা দেশের সম্পদ। তাঁদের প্রতিভার বিকাশ এবং সাফল্যের পথে এগিয়ে যেতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া সমাজের সকলেরই দায়িত্ব। পাশাপাশি আফরিনের আসন্ন আন্তর্জাতিক অভিযানের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন তিনি।

অন্যদিকে এই আর্থিক সহায়তা পেয়ে রশ্মি গ্রুপের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন আফরিন জাবী। তাঁর বাবা-ও সংস্থার এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। তাঁদের বক্তব্য, এই আর্থিক সহযোগিতার ফলে আফরিনের আন্তর্জাতিক অভিযানের বিপুল খরচের একটি বড় অংশ মেটানো সম্ভব হবে।আফরিনের এই লড়াই শুধুমাত্র ব্যক্তিগত স্বপ্নপূরণের লড়াই নয়, বরং আন্তর্জাতিক মঞ্চে ভারতের জন্য গৌরব অর্জনেরও এক বড় চ্যালেঞ্জ। ক্যাটালিনা চ্যানেলের কঠিন জলপথ পাড়ি দিয়ে ভারতের পতাকা উড়ানোর লক্ষ্য নিয়ে তাঁর প্রস্তুতি ইতিমধ্যেই জোরকদমে চলছে।রশ্মি গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, খেলাধুলার পাশাপাশি শিক্ষা, সমাজকল্যাণ এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রেও আগামী দিনে CSR কর্মসূচির মাধ্যমে সামাজিক দায়বদ্ধতার এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।