বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ‘রেড রান ম্যারাথন’, স্বাস্থ্যসচেতনতায় সামিল বিভিন্ন জেলার যুবসমাজ

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ‘রেড রান ম্যারাথন’, স্বাস্থ্যসচেতনতায় সামিল বিভিন্ন জেলার যুবসমাজ

নিজস্ব সংবাদদাতা : যুবসমাজকে সুস্থ ও স্বাস্থ্যসচেতন জীবনের প্রতি উৎসাহিত করতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল ‘রেড রান ম্যারাথন’। বুধবার বিশ্ববিদ্যালয়ের রেড রিবন ক্লাবের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীদের উৎসাহপূর্ণ অংশগ্রহণে মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল যুবসমাজের মধ্যে শারীরিক সুস্থতা, স্বাস্থ্যসচেতনতা, নিয়মিত শরীরচর্চা এবং স্বাস্থ্যকর জীবনযাপনের বার্তা ছড়িয়ে দেওয়া।ম্যারাথনে মোট ৫৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ছিলেন ৪২ জন পুরুষ এবং ১৩ জন মহিলা প্রতিযোগী। বিভিন্ন জেলার প্রতিযোগীদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি বিশেষ মাত্রা পায়।ম্যারাথনের শুভ সূচনা করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের NSS Cell-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর প্রফেসর দেবদুলাল বন্দ্যোপাধ্যায় এবং স্বাস্থ্য দপ্তরের শ্রী সাত্ত্বিক মহান্তি। প্রতিযোগীদের নিরাপত্তা ও ম্যারাথনের সুষ্ঠু পরিচালনার জন্য নির্ধারিত রুটের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্বেচ্ছাসেবক ও নিরাপত্তাকর্মীদের মোতায়েন করা হয়।

অনুষ্ঠানের সমাপ্তিতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর দীপক কুমার কর কৃতী প্রতিযোগীদের উৎসাহিত করেন। এদিন সেরা পাঁচজন পুরুষ ও পাঁচজন মহিলা প্রতিযোগীর হাতে স্মারক তুলে দিয়ে তাঁদের ক্রীড়া-নৈপুণ্যের স্বীকৃতি জানানো হয়।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ম্যারাথন থেকে নির্বাচিত যোগ্য ও সেরা পারফরম্যান্সকারী প্রতিযোগীরা পরবর্তীতে রাজ্যস্তরের ‘রেড রান’ কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পাবেন। সেখানে তাঁরা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট অঞ্চলের প্রতিনিধিত্ব করবেন।শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, ‘রেড রান ম্যারাথন’-এর মাধ্যমে যুবসমাজের কাছে সুস্থ জীবনযাপন, শারীরিক সক্ষমতা, স্বাস্থ্যসচেতনতা এবং সামাজিক দায়বদ্ধতার গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সার্বিকভাবে উৎসাহ-উদ্দীপনা ও সফল অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হয় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এই বিশেষ উদ্যোগ।