মেদিনীপুর 22° 🌧️ · AQI 178 · মাঝারি 19 নভেম্বর 2026, বৃহস্পতিবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং ঘূর্ণিঝড় ‘আকভান’-এর জের! হাওড়া-শালিমার থেকে একাধিক ট্রেনের সময় বদল

গঙ্গার জলে ফিরল স্বচ্ছতার ঝলক! তলদেশে দেখা যাচ্ছে পাথর, জলের নীচে ছোটাছুটি করছে মাছ

গঙ্গার জলে ফিরল স্বচ্ছতার ঝলক! তলদেশে দেখা যাচ্ছে পাথর, জলের নীচে ছোটাছুটি করছে মাছ

নিজস্ব সংবাদদাতা : দেখলে যেন বিশ্বাসই হবে না, এ আমাদের চেনা গঙ্গা! নদীর জলের এমন স্বচ্ছ ও নির্মল রূপ দেখে কার্যত বিস্মিত নেটাগরিকেরা। ছটপুজোর পর যমুনার বুকে বিষাক্ত সাদা ফেনার ছবি যখন পরিবেশদূষণের ভয়াবহ চিত্র তুলে ধরেছে, নদীদূষণ নিয়ে সরব হয়েছেন বিরোধী রাজনৈতিক দল থেকে পরিবেশকর্মীরা, ঠিক তখনই গঙ্গার এক অন্যরকম ছবি সামনে এল। হরিদ্বারের কাছে গঙ্গার জলের স্বচ্ছতা এতটাই বেড়েছে যে নদীর তলদেশে পড়ে থাকা পাথরের টালি থেকে শুরু করে জলের নীচে সাঁতার কাটা ছোট ছোট মাছও স্পষ্ট দেখা যাচ্ছে।জানা গিয়েছে, 2027 সালের অর্ধকুম্ভ মেলার প্রস্তুতিকে সামনে রেখে সম্প্রতি গঙ্গার একটি বিস্তীর্ণ অংশে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। সেই অভিযানে প্রায় 10 কিলোমিটার দীর্ঘ নদীখাত থেকে আনুমানিক 150 টন আবর্জনা তুলে ফেলা হয়েছে। দীর্ঘদিন ধরে জমে থাকা পলি, প্লাস্টিকের মোড়ক, পরিত্যক্ত পোশাক-সহ বিভিন্ন ধরনের বর্জ্য সরিয়ে নদীকে পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়।সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই বিশাল কর্মযজ্ঞে অংশ নিয়েছিলেন পরিচ্ছন্নতাকর্মী, পৌরকর্মী, সরকারি আধিকারিক এবং অসংখ্য স্বেচ্ছাসেবক।

কয়েক দিন ধরে একযোগে তাঁরা নদীর তীরবর্তী এলাকা এবং ঘাটগুলিতে জমে থাকা আবর্জনা পরিষ্কারের কাজ করেন।অভিযানকে সফল করতে কর্তৃপক্ষের তরফে প্রায় 20 দিনের জন্য সংশ্লিষ্ট অংশে জলপ্রবাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। এটি ছিল নদীর বার্ষিক রক্ষণাবেক্ষণ প্রক্রিয়ারই একটি অংশ। জল সরিয়ে নেওয়ার ফলে প্রধান ঘাটগুলির আশপাশে নদীর তলদেশে জমে থাকা আবর্জনা সহজেই দৃশ্যমান হয়ে ওঠে। ফলে কর্মীরা তুলনামূলক দ্রুততার সঙ্গে বর্জ্য অপসারণ করতে সক্ষম হন। পরিষ্কারের কাজ শেষ হওয়ার পর পুনরায় নদীতে জলপ্রবাহ চালু করা হয়।উত্তরপ্রদেশ সেচ দফতরের গঙ্গা বিভাগের মহকুমা আধিকারিক ভারতভূষণ শর্মা সংবাদমাধ্যমকে জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে এত বড় মাপের পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন করা যথেষ্ট কঠিন ছিল। সারা বছর ধরে নদীতে জমা হওয়া আবর্জনা সরানোর জন্য জলপ্রবাহ বন্ধ রাখার ক্ষেত্রে মাত্র 20 দিন সময় পাওয়া গিয়েছিল। সেই সীমিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে হয়েছে।উল্লেখ্য, গঙ্গার এই অংশের গুরুত্ব কেবল ধর্মীয় ও আধ্যাত্মিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। উত্তরপ্রদেশের প্রায় 15টি জেলার কৃষিকাজে সেচের জল সরবরাহের পাশাপাশি মেরঠ, আগরা ও গৌতমবুদ্ধনগর-সহ সাতটি জেলায় পানীয় জলের জোগানেও এই জলপথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।গঙ্গার এমন স্বচ্ছ রূপ নিঃসন্দেহে আশার আলো দেখাচ্ছে। তবে এককালীন পরিচ্ছন্নতা অভিযানই যথেষ্ট নয়। নদীর এই নির্মল রূপ ধরে রাখতে প্রয়োজন নিয়মিত রক্ষণাবেক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনার উন্নতি এবং সাধারণ মানুষের সচেতনতা। গঙ্গাকে দূষণমুক্ত রাখার দায়িত্ব প্রশাসনের পাশাপাশি প্রতিটি নাগরিকেরও।