কলকাতার বুকে উত্তরবঙ্গের ‘নিজস্ব বাড়ি’, নতুন রূপে খুলল জলপাইগুড়ি ভবন
নিজস্ব সংবাদদাতা : উত্তরবঙ্গ থেকে কাজের সূত্রে, চিকিৎসার প্রয়োজনে কিংবা পড়াশোনার জন্য কলকাতায় আসা সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীদের থাকার সমস্যা অনেক দিনের। সেই সমস্যা কিছুটা লাঘব করতে সল্টলেকে নতুন রূপে সজ্জিত ‘জলপাইগুড়ি ভবন’-এর দ্বারোদ্ঘাটন করা হলো।দিলীপ ঘোষ বলেন, উত্তরবঙ্গ ও কলকাতার মধ্যে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে জলপাইগুড়ি ভবন জেলার মানুষের কাছে বিশেষ তাৎপর্য বহন করবে।

সরকারি দফতরের কাজ, প্রশাসনিক প্রয়োজন কিংবা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলকাতায় আসা মানুষজন যাতে সহজে থাকার জায়গা ও প্রয়োজনীয় সহায়তা পান, সেই লক্ষ্যেই এই উদ্যোগ। উত্তরবঙ্গের মানুষের সঙ্গে কলকাতার দূরত্ব শুধু ভৌগোলিক নয়, অনেক সময় পরিষেবা ও সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রেও নানা প্রতিবন্ধকতা তৈরি করে। নতুন রূপে সজ্জিত জলপাইগুড়ি ভবন সেই ব্যবধান কমিয়ে জেলার মানুষের পাশে দাঁড়ানোর একটি প্রচেষ্টা। তিনি আরও বলেন, বিশেষ করে চিকিৎসার জন্য কলকাতায় আসা রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের পাশাপাশি পড়াশোনার কাজে আসা ছাত্রছাত্রীদের জন্য এই ভবন যথেষ্ট সহায়ক হবে। কলকাতার ব্যস্ততার মধ্যে উত্তরবঙ্গের মানুষের জন্য একটি পরিচিত ও নির্ভরযোগ্য ঠিকানা গড়ে তোলার এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।