মেদিনীপুর 23° ☁️ · AQI 196 · মাঝারি 19 নভেম্বর 2026, বৃহস্পতিবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

প্রধানমন্ত্রীর সফরের আগে পরিচ্ছন্নতা অভিযানে জোর, ‘স্বচ্ছতার সঙ্গে স্বাগতম’ কর্মসূচিতে কোদাল হাতে জেলাশাসক!

প্রধানমন্ত্রীর সফরের আগে পরিচ্ছন্নতা অভিযানে জোর, ‘স্বচ্ছতার সঙ্গে স্বাগতম’ কর্মসূচিতে কোদাল হাতে জেলাশাসক!

সেখ ওয়ারেশ আলী : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পশ্চিম মেদিনীপুর সফরকে ঘিরে জেলা প্রশাসনের প্রস্তুতি এখন তুঙ্গে। আগামী 21 নভেম্বর খড়গপুর আইআইটির একটি অনুষ্ঠানে যোগ দিতে জেলায় আসছেন প্রধানমন্ত্রী। তাঁর সফরের আগে গোটা জেলায় পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘স্বচ্ছতার সঙ্গে স্বাগতম’।প্রধানমন্ত্রীর আগমনের আগে টানা তিন দিন ধরে জেলাজুড়ে চলবে এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। বুধবার এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন জেলাশাসক বিজিন কৃষ্ণ। তবে শুধু নির্দেশ দিয়েই দায়িত্ব শেষ করেননি তিনি, নিজেই কোদাল হাতে নেমে পড়েন পরিচ্ছন্নতার কাজে।

এদিন নিজের দপ্তর চত্বরের আগাছা পরিষ্কারের মাধ্যমে অভিযানে অংশ নেন জেলাশাসক। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক-সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরাও। আধিকারিকদের নিয়ে জেলাশাসকের এই সক্রিয় অংশগ্রহণ কর্মসূচিতে বিশেষ মাত্রা যোগ করে।প্রশাসনের লক্ষ্য, প্রধানমন্ত্রীর সফরের আগে জেলার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং সাধারণ মানুষের মধ্যে স্বচ্ছতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

একইসঙ্গে প্রশাসনিক আধিকারিকদের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযানে সাধারণ মানুষকেও উৎসাহিত করার বার্তা দেওয়া হয়েছে।প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি এবার পরিচ্ছন্নতার উপরও বিশেষ গুরুত্ব দিচ্ছে জেলা প্রশাসন। ‘স্বচ্ছতার সঙ্গে স্বাগতম’ কর্মসূচির মাধ্যমে সেই তৎপরতাই আরও একবার সামনে এল।