প্ল্যাটিনাম জয়ন্তীতে সংযুক্ত পল্লী সর্বজনীন দুর্গোৎসব, বাংলা ভাষার আবেগে সাজছে ৭৫তম পুজো

প্ল্যাটিনাম জয়ন্তীতে সংযুক্ত পল্লী সর্বজনীন দুর্গোৎসব, বাংলা ভাষার আবেগে সাজছে ৭৫তম পুজো

সেখ ওয়ারেশ আলী:মোদের গরব, মোদের আশা—আ-মরি বাংলা ভাষা’—এই আবেগকে সামনে রেখে প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষে পা দিল সংযুক্ত পল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটি। এবছর তাদের দুর্গাপুজো ৭৫তম বর্ষে পদার্পণ করছে। ঐতিহ্যবাহী এই পুজোকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জোরকদমে প্রস্তুতি।জন্মাষ্টমীর শুভদিনে খুঁটি পুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হল ৭৫তম বর্ষের দুর্গোৎসবের কাউন্টডাউন। এদিন খুঁটি পুজো ঘিরে এলাকায় তৈরি হয় উৎসবের আবহ। মেদিনীপুর বিধানসভার বিধায়ক শংকর কুমার গুছাইতের হাত ধরে খুঁটি পুজোর আনুষ্ঠানিক সূচনা হয়।এবছর পুজোর মূল ভাবনা ‘মোদের গরব, মোদের আশা—আ-মরি বাংলা ভাষা’। বাংলা ভাষা, বাঙালির আবেগ, সংস্কৃতি ও ঐতিহ্যকে কেন্দ্র করেই সাজিয়ে তোলা হচ্ছে এবারের পুজোর থিম। ফলে পুজোর মণ্ডপ থেকে শুরু করে প্রতিমা ও সামগ্রিক আয়োজন—সবকিছুতেই ফুটে উঠবে বাংলার নিজস্ব পরিচয় ও ভাষার প্রতি ভালোবাসার বার্তা।

৭৫ বছর পূর্তিকে স্মরণীয় করে তুলতে বিশেষ আয়োজনের পরিকল্পনাও রয়েছে কমিটির। খুঁটি পুজোর দিন থেকেই পুজোপ্রাঙ্গণে দেখা যায় সদস্য-সদস্যাদের উৎসাহ ও ব্যস্ততা। দীর্ঘ ঐতিহ্যের এই পুজো এবার নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা ও বাঙালির সাংস্কৃতিক শিকড়কে তুলে ধরার বিশেষ মঞ্চ হয়ে উঠবে বলেই মনে করছেন উদ্যোক্তারা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংযুক্ত পল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি শান্তনু চক্রবর্তী, সেক্রেটারি তাপস সিনহা, জয়েন্ট সেক্রেটারি সুরজিৎ সাঁতরা-সহ ক্লাবের সমস্ত সদস্য ও সদস্যারা।প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষে দাঁড়িয়ে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে এবারের দুর্গোৎসবকে আরও আকর্ষণীয় করে তুলতে প্রস্তুত উদ্যোক্তারা। আর সেই আয়োজনের সূচনা হল জন্মাষ্টমীর শুভক্ষণে খুঁটি পুজোর মধ্য দিয়ে।