‘খেলেগা ভারত, জিতেগা ভারত’— গড়বেতা কলেজে ক্রীড়া দিবসে পড়ুয়াদের উচ্ছ্বাস!
অভিজিৎ সাহা : উৎসাহ, উদ্দীপনা ও ক্রীড়াসুলভ মনোভাবে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা কলেজে পালিত হল জাতীয় ক্রীড়া দিবস-২০২৬। ‘খেলেগা ভারত, জিতেগা ভারত’ কর্মসূচির অঙ্গ হিসেবে কলেজের Games and Sports Sub-Committee-এর উদ্যোগে দিনভর বিভিন্ন ক্রীড়া কর্মসূচির আয়োজন করা হয়।এদিন ব্যাডমিন্টন ও ফুটবল প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন কলেজের ছাত্রছাত্রীরা। প্রতিযোগিতাকে কেন্দ্র করে সকাল থেকেই কলেজ চত্বরে দেখা যায় উৎসবের আবহ ও ব্যাপক উচ্ছ্বাস।কলেজের পতাকা উত্তোলন এবং বন্দেমাতরম পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গড়বেতার বিধায়ক তথা গড়বেতা কলেজের গভর্নিং বডির সভাপতি প্রদীপ লোধা। উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডঃ হরিপ্রসাদ সরকার-সহ কলেজের অধ্যাপক-অধ্যাপিকা ও শিক্ষাকর্মীরা।দিনভর ব্যাডমিন্টন ও ফুটবল প্রতিযোগিতাকে ঘিরে পড়ুয়াদের মধ্যে ছিল বিশেষ উৎসাহ। ক্রীড়াঙ্গনে প্রতিযোগিতার পাশাপাশি ফুটে ওঠে দলগত চেতনা ও পারস্পরিক সৌহার্দ্যের ছবি। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও কৃতী প্রতিযোগীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অধ্যাপক সুশান্ত কুমার মণ্ডল এবং অধ্যাপিকা তনুশ্রী রায়। অনুষ্ঠানে কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। খেলাধুলার মাধ্যমে শারীরিক সুস্থতা, শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং দলগত মানসিকতা গড়ে তোলার বার্তা তুলে ধরতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে গড়বেতা কলেজের এই আয়োজন পড়ুয়াদের মধ্যে নতুন উদ্দীপনা ও ক্রীড়াচেতনার সঞ্চার করেছে।