বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে জাতীয় রিমোট সেন্সিং দিবস, আধুনিক ভূ-তথ্য প্রযুক্তির প্রয়োগ নিয়ে বিশেষ আলোচনা
নিজস্ব সংবাদদাতা : প্রতি বছরের মতো এ বছরও ১২ আগস্ট সারা দেশে পালিত হল জাতীয় রিমোট সেন্সিং দিবস। এই উপলক্ষে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস বিভাগের উদ্যোগে বুধবার, ১২ আগস্ট বিশ্ববিদ্যালয়ের বি. এন. শাসমল হলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলা এই অনুষ্ঠানে রিমোট সেন্সিং, জিও-ইনফরমেশন সিস্টেম, ভূ-তথ্য প্রযুক্তি এবং আধুনিক ব্যবস্থাপনায় তার বহুমুখী প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক যতিশংকর বন্দ্যোপাধ্যায়।উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর রিমোট সেন্সিং ও জিআইএস প্রযুক্তির গুরুত্ব তুলে ধরেন। শিক্ষা, গবেষণা, পরিকল্পনা, পরিবেশ পর্যবেক্ষণ এবং বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রে এই প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার নিয়েও তিনি আলোচনা করেন।অনুষ্ঠানের প্রথম পর্বে ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ডঃ জয়ন্ত কিশোর নন্দী।প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগ নিয়ে বিশেষ আলোচনা! দ্বিতীয় পর্বের অধিবেশনে সভাপতিত্ব করেন বিভাগের সহকারী অধ্যাপিকা ডঃ দীপান্বিতা দত্ত এবং সহ-সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক ডঃ নিরুপম আচার্য্য।একাডেমিক পর্বের প্রথম বক্তা হিসেবে বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ সরকারের জিওইনফরমেটিক্স সেলের অবসরপ্রাপ্ত মুখ্য বিজ্ঞানী ডঃ পার্থসারথি চক্রবর্তী।

রিমোট সেন্সিং ও জিও-ইনফরমেশন প্রযুক্তির বিভিন্ন ব্যবহার এবং ভূ-তথ্যনির্ভর আধুনিক ব্যবস্থাপনার গুরুত্ব নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন।এরপর বক্তব্য রাখেন ভারত সরকারের এনআরএসসি, ইসরোর অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার ডঃ দিব্যেন্দু দত্ত। মহাকাশভিত্তিক তথ্যপ্রযুক্তি, রিমোট সেন্সিংয়ের বিভিন্ন দিক এবং বাস্তব ক্ষেত্রে এর প্রয়োগ সম্পর্কে তিনি উপস্থিতদের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেন।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ড্রোন প্রযুক্তির ব্যবহারিক প্রদর্শন।

নোভাসটেক সার্ভে অ্যান্ড ম্যাপিং-এর সিইও ও প্রতিষ্ঠাতা সৌরভ দত্ত আধুনিক প্রযুক্তিতে ড্রোনের ব্যবহার কীভাবে ভূমি জরিপ ও ম্যাপিংয়ের কাজে করা যায়, তার হাতে-কলমে প্রয়োগ দেখান।একাডেমিক পর্বের সঞ্চালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক ডঃ অমৃত কামিলা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক ডঃ কার্তিক বেরা, সি.ও.ও.সি.-এর অধ্যাপক ডঃ সৌরভ মাইতি এবং সংশ্লিষ্ট বিভাগের অশিক্ষক কর্মচারীরা।

পাশাপাশি সেন্টার ফর এনভায়রনমেন্টাল স্টাডিজ, কোস্টাল অবজারভেটরি অ্যান্ড আউটরিচ সেন্টার এবং রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএস বিভাগের গবেষক, ছাত্রছাত্রী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।