Skip to content

রেড রিবন ক্লাব ক্রিকেটে চ্যাম্পিয়ন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, এইচআইভি সচেতনতায় উচ্ছ্বাস যুবসমাজে!

নিজস্ব সংবাদদাতা :  মেদিনীপুরে দুই দিনের জমজমাট ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে তৈরি হল উৎসবের আবহ। Vidyasagar University-এর ন্যাশনাল সার্ভিস স্কিম (এনএসএস)-এর উদ্যোগে আয়োজিত “রেড রিবন ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট, ২০২৬” ২৯ ও ৩০ এপ্রিল ক্ষুদিরাম ক্রীড়াঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়। আটটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে এই প্রতিযোগিতা ছাত্র-যুবদের মধ্যে বিশেষ সাড়া ফেলে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. জয়ন্ত কিশোর নন্দী এবং এনএসএস প্রোগ্রাম কো-অর্ডিনেটর অধ্যাপক দেবদুলাল বন্দ্যোপাধ্যায়। প্রথম দিনের গ্রুপ নক-আউট ম্যাচগুলিতে প্রতিটি দলই জয়ের লক্ষ্যে লড়াই চালায়। পরদিন সেমিফাইনালে মুখোমুখি হয় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ও কে.ডি. কলেজ, অন্যদিকে পাঁশকুড়া বনমালি কলেজ লড়াই করে মেদিনীপুর কলেজের বিরুদ্ধে।ফাইনাল ম্যাচ ঘিরে খুদিরাম ক্রীড়াঙ্গনে জমে ওঠে উত্তেজনা। শতাধিক দর্শকের সামনে দুই দলের খেলোয়াড়দের দারুণ পারফরম্যান্স ম্যাচটিকে করে তোলে রোমাঞ্চকর। শেষ পর্যন্ত সব প্রতিদ্বন্দ্বিতাকে পিছনে ফেলে চ্যাম্পিয়নের শিরোপা জিতে নেয় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়।

রানার-আপ হয় মেদিনীপুর কলেজ।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর বিজয়ী ও অংশগ্রহণকারী সকল দলকে অভিনন্দন জানিয়ে বলেন, খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, এটি সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার এক গুরুত্বপূর্ণ মাধ্যম। তিনি ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ আরও বাড়ানোর উপর জোর দেন।এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ছিল ক্রীড়ার মাধ্যমে যুবসমাজকে একত্রিত করা এবং এইচআইভি/এইডস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। West Bengal State AIDS Prevention and Control Society-এর আর্থিক সহায়তায় এই উদ্যোগ বাস্তবায়িত হয়। আয়োজকদের মতে, আগামী দিনে আরও বৃহত্তর পরিসরে এই ধরনের সচেতনতামূলক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

Latest