বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ট্রাইবেকারে বাজিমাত! সপ্তম আন্তঃমহাবিদ্যালয় মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন গড়বেতা কলেজ!
নিজস্ব সংবাদদাতা : বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের শহিদ ক্ষুদিরাম বসু ক্রীড়াঙ্গনে জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হল সপ্তম আন্তঃমহাবিদ্যালয় মহিলা ফুটবল প্রতিযোগিতা ২০২৬–২৭। প্রতিযোগিতার চূড়ান্ত ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ট্রাইবেকারে জয় ছিনিয়ে নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল গড়বেতা কলেজ। রানার্স-আপ হয়েছে নাড়াজোল রাজ কলেজ।ফাইনালে নির্ধারিত সময়ে দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। শেষ পর্যন্ত ম্যাচের নিষ্পত্তি হয় ট্রাইবেকারে।

স্নায়ুচাপের মুহূর্তে নিজেদের দক্ষতা ও আত্মবিশ্বাসের পরিচয় দিয়ে বাজিমাত করে গড়বেতা কলেজের মহিলা ফুটবল দল।প্রতিযোগিতায় ব্যক্তিগত পারফরম্যান্সের জন্যও খেলোয়াড়দের সম্মানিত করা হয়। Best Player নির্বাচিত হন চম্পা মিস্ত্রি এবং Best Goalkeeper-এর পুরস্কার পান সুচিত্রা মান্ডি।চূড়ান্ত ম্যাচের পর আয়োজিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ড. জয়ন্তকিশোর নন্দী, Dean of Students’ Welfare ড. অশোক কুমার, বিশ্ববিদ্যালয়ের Sports Officer সুহাস বারিক এবং নাড়াজোল রাজ কলেজের অধ্যক্ষ ড. বাসুদেব মণ্ডল-সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।

তাঁদের উপস্থিতি ও উৎসাহ প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড়দের আরও অনুপ্রাণিত করে।বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ড. জয়ন্তকিশোর নন্দী বলেন, সপ্তম আন্তঃমহাবিদ্যালয় মহিলা ফুটবল প্রতিযোগিতা শুধুমাত্র চ্যাম্পিয়ন ও রানার্স-আপ নির্ধারণের একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়।

এটি নারী ক্রীড়াশক্তি, প্রতিভা, আত্মবিশ্বাস ও সম্ভাবনার এক সুন্দর উদ্যাপনে পরিণত হয়েছে।প্রতিযোগিতার সফল সমাপ্তি আগামী দিনে বিশ্ববিদ্যালয় ও অধীনস্থ কলেজগুলিতে মহিলা ফুটবলের প্রসার এবং নতুন প্রতিভা উঠে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।