মেদিনীপুরের ঐতিহ্যবাহী রাজনারায়ণ বসু স্মৃতি পাঠাগার পরিদর্শনে বিধায়ক শঙ্কর গুছাইত!
সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুরের ইতিহাস, ঐতিহ্য ও গৌরবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা রাজনারায়ণ বসু স্মৃতি পাঠাগার পরিদর্শন করলেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক ডক্টর শঙ্কর কুমার গুছাইত।এদিন পাঠাগারে পৌঁছে বিধায়ক বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। পাঠাগারের বর্তমান পরিকাঠামো, বইয়ের সংগ্রহ, পাঠকদের জন্য পরিষেবা এবং সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে আধিকারিক ও কর্মীদের কাছ থেকে খোঁজখবর নেন তিনি। পাশাপাশি, ঐতিহ্যবাহী এই পাঠাগারের ঐতিহাসিক গুরুত্ব এবং দীর্ঘদিনের পথচলা নিয়েও আলোচনা করেন।

পরিদর্শনের সময় বর্তমান প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং তাঁদের আরও বেশি করে গ্রন্থাগারমুখী করার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়। ডিজিটাল যুগে পাঠাগারের গুরুত্ব ধরে রাখতে নতুন প্রজন্মের কাছে বই পড়ার আগ্রহ বাড়ানোর উপর জোর দেওয়া হয়।ঐতিহাসিক এই পাঠাগারের পরিকাঠামোগত উন্নয়ন, বইয়ের সংগ্রহ বৃদ্ধি এবং ঐতিহ্য সংরক্ষণের বিষয়েও গুরুত্ব দেওয়ার কথা জানান বিধায়ক ডক্টর শঙ্কর কুমার গুছাইত। তাঁর এই পরিদর্শনকে ঘিরে পাঠাগার কর্তৃপক্ষ ও পাঠকদের মধ্যেও উৎসাহ দেখা যায়।