সামাজিক ভাতা বাড়ল ৫০০ টাকা, মেদিনীপুরে উপভোক্তাদের হাতে প্রতীকী অর্থ তুলে দিল প্রশাসন!
সেখ ওয়ারেশ আলী : সামাজিক নিরাপত্তা প্রকল্পের আওতায় ভাতা বাড়িয়ে মাসে ১,৫০০ টাকা করার সিদ্ধান্ত কার্যকর হল। ৭ সেপ্টেম্বর নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে বর্ধিত সামাজিক ভাতার সূচনা করেন। রাজ্য সরকারের এই উদ্যোগে স্বামীহারা, প্রবীণ এবং বিশেষভাবে সক্ষম শ্রেণির উপভোক্তারা উপকৃত হবেন।এর আগে এই প্রকল্পের আওতায় উপভোক্তারা মাসে ১,০০০ টাকা করে ভাতা পেতেন। বিজেপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষমতায় আসার পর ভাতার পরিমাণ বৃদ্ধির ঘোষণা করা হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী মাসিক ভাতা একধাক্কায় ৫০০ টাকা বাড়িয়ে ১,৫০০ টাকা করা হয়েছে।

এদিন মেদিনীপুরের পুরনো কালেক্টরেট ভবনেও বর্ধিত সামাজিক ভাতা প্রদান কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণ, ADM (জেলা পরিষদ) গোবিন্দ হালদার, বিধায়ক প্রদীপ লোধা, জেলা পরিষদের সভাপতি প্রতিভা মাইতি-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা।অনুষ্ঠানে জেলাশাসক বিজিন কৃষ্ণ উপভোক্তাদের হাতে প্রতীকীভাবে ১,৫০০ টাকার বর্ধিত ভাতার অর্থ তুলে দেন।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী এক থেকে দু’দিনের মধ্যেই যোগ্য সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি বর্ধিত ভাতার টাকা পৌঁছে যাবে।মাসিক ভাতা ১,০০০ টাকা থেকে বেড়ে ১,৫০০ টাকা হওয়ায় দীর্ঘদিন ধরে সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা উপভোক্তাদের আর্থিক সহায়তা কিছুটা বাড়ল। সরকারের এই সিদ্ধান্তে প্রবীণ, স্বামীহারা ও বিশেষভাবে সক্ষম মানুষের মধ্যে স্বস্তি ফিরবে বলে মনে করা হচ্ছে।