নিমপুরা আর্য বিদ্যাপীঠের দুই শিক্ষকের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে শিক্ষা দপ্তর?
নিজস্ব সংবাদদাতা: নিমপুরা আর্য বিদ্যাপীঠকে ঘিরে সংবাদমাধ্যমে প্রকাশিত বক্তব্যের জেরে দায়ের হওয়া মানহানির মামলা খারিজ করে দিল খড়গপুর মহকুমা আদালত। প্রধান শিক্ষক চণ্ডীচরণ ত্রিপাঠী এক কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে দীপক কুমার দাশগুপ্তকে আইনি নোটিশ পাঠানোর পর মামলা দায়ের করেছিলেন।মামলার শুনানিতে বিদ্যালয়ের মিড-ডে মিল সংক্রান্ত বিষয়ও উঠে আসে। সহ-শিক্ষক দেবব্রত পানি আদালতে জানান, খাতায়-কলমে মিড-ডে মিলের দায়িত্ব তাঁর থাকলেও হিসাবপত্রসহ যাবতীয় বিষয় প্রধান শিক্ষক দেখভাল করেন। পাশাপাশি দীপকবাবুর বিরুদ্ধে পরিচালন সমিতির সদস্য হতে না পেরে অভিযোগ তোলার দাবি করেন তিনি।অন্যদিকে, মামলায় বিদ্যালয় সংক্রান্ত অভিযোগগুলি মিথ্যা প্রমাণ করার মতো পর্যাপ্ত নথি বা প্রমাণ মামলাকারী পক্ষ আদালতে পেশ করতে পারেনি বলে দাবি করা হয়েছে। শেষ পর্যন্ত আদালত মামলাটি খারিজ করে দেয়।মামলা খারিজের পর দীপক কুমার দাশগুপ্তের পক্ষ থেকে প্রশ্ন উঠেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্যক্তিগতভাবে এমন আইনি নোটিশ পাঠানোর আগে শিক্ষা দপ্তরের কোনও অনুমতি নিয়েছিলেন কি না। ঘটনায় শিক্ষা দপ্তর পরবর্তী সময়ে কী পদক্ষেপ নেয়, সেদিকেই এখন নজর শিক্ষানুরাগী মহলের।