দাঁতনে কাটারির কোপে রক্তাক্ত স্ত্রী, আটক স্বামী!

দাঁতনে কাটারির কোপে রক্তাক্ত স্ত্রী,  আটক স্বামী!
অভিযুক্ত স্বামী সিদ্ধেশ্বর রায়

নিজস্ব সংবাদদাতা : স্ত্রীকে ধারালো কাটারি দিয়ে একের পর এক কোপ মারার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দাঁতনের হরিপুর এলাকায়। গুরুতর জখম অবস্থায় ওই মহিলা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় অভিযুক্ত স্বামী সিদ্ধেশ্বর রায়-কে আটক করেছে পুলিশ।ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ২ নম্বর ব্লকের হরিপুর ৭ নম্বর অঞ্চলের য-ফলা গ্রামের।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত সিদ্ধেশ্বর রায়ের বিরুদ্ধে তাঁর স্ত্রীর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ, স্ত্রীর মাথায় একাধিকবার কাটারির কোপ মারেন তিনি। হামলার পর অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলেও অভিযোগ।এরপর গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে বাড়ির বারান্দায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ঘটনার খবর দ্রুত পৌঁছয় জোড়াগেড়িয়া ফাঁড়ির আইসি সুভাষ চক্রবর্তীর কাছে।খবর পেয়ে স্থানীয় বিজেপির বুথ সভাপতি সুশীল রায়, মণ্ডল কমিটির সদস্য সহদেব রায়-সহ কয়েকজন স্থানীয় বাসিন্দা ঘটনাস্থলে পৌঁছে আহত মহিলাকে উদ্ধার করেন। পরে তাঁকে দ্রুত চিকিৎসার জন্য এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।এদিকে, ঘটনার পর থেকেই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। পরে গ্রামবাসী ও প্রশাসনের সহযোগিতায় অভিযুক্ত সিদ্ধেশ্বর রায়কে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে জানা গিয়েছে।কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার নেপথ্যে পারিবারিক বিবাদ নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।