মেদিনীপুর সদরে অনুমতি ছাড়া গাছ কাটার অভিযোগ, বনদপ্তরে অভিযোগ পঞ্চায়েত সদস্যের!
নিজস্ব সংবাদদাতা : সরকারি জমিতে থাকা একাধিক গাছ অনুমতি ছাড়াই কাটার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুর সদর ব্লকের কনকাবতী এলাকায়। ঘটনায় বনদপ্তরের ডিএফও-র কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য দশরথ মাঝি। অভিযোগ পাওয়ার পর তদন্তে নেমে ঘটনাস্থল থেকে কেটে ফেলা কয়েকটি গাছ উদ্ধার করে জব্দ করেছে বনদপ্তর।জানা গিয়েছে, কনকাবতী উপস্বাস্থ্য কেন্দ্রের পিছনে সরকারি জমিতে ইউক্যালিপটাস-সহ বেশ কয়েকটি গাছের বাগান ছিল।

অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ওই এলাকার কয়েকটি গাছ কেটে ফেলা হয়েছে। বিষয়টি নজরে আসার পরই বনদপ্তরের দ্বারস্থ হন পঞ্চায়েত সদস্য।অভিযোগকারী দশরথ মাঝির দাবি, সরকারি জায়গায় গাছ কাটার বিষয়টি জানতে পেরে তিনি বনদপ্তরকে জানান এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি করেন।অন্যদিকে, ঘটনায় বিজেপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ ওঠায় রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। জেলা বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, দল কোনও ধরনের অন্যায়কে প্রশ্রয় দেয় না। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।ইতিমধ্যেই বনদপ্তরের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেছে এবং কেটে ফেলা গাছগুলি জব্দ করেছে। সংশ্লিষ্ট বিট অফিসারের বক্তব্য, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং গোটা বিষয়টি তদন্তাধীন।তদন্ত শেষ হলেই পরিষ্কার হবে, ঠিক কারা গাছগুলি কেটেছে, কী উদ্দেশ্যে গাছ কাটা হয়েছিল এবং গাছ কাটার জন্য সংশ্লিষ্ট কোনও অনুমতি নেওয়া হয়েছিল কি না। ঘটনাকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে কৌতূহল ও চাঞ্চল্য।