দিনের আলোয় মহিলার ব্যাগ ছিনতাই করে বাইকে চম্পট! বেলদায় তদন্তে পুলিশ
নিজস্ব সংবাদদাতা :দিনেদুপুরে ব্যাংক থেকে টাকা তুলে সাইকেলে বাড়ি ফেরার পথে এক মহিলার ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরের বেলদায়। অভিযোগ, পিছন দিক থেকে মোটরসাইকেলে এসে চলন্ত সাইকেল থেকেই মহিলার টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় দুই যুবক। ব্যাগে প্রায় ১০ হাজার টাকা ছিল বলে জানা গিয়েছে।শনিবার সকালে ঘটনাটি ঘটে বেলদা থানার অন্তর্গত বেলদা বাসস্ট্যান্ড সংলগ্ন জৈন মন্দির এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে ওই মহিলা একটি স্থানীয় ব্যাংক থেকে আনুমানিক ১০ হাজার টাকা তোলেন। এরপর সাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি।জৈন মন্দিরের কাছে পৌঁছতেই পিছন দিক থেকে একটি মোটরসাইকেলে দুই যুবক এসে আচমকাই তাঁর ব্যাগটি ছিনিয়ে নেয়। ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করেন ওই মহিলা। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে বাইকটিকে আটকানোর চেষ্টা করেন। কিন্তু তার আগেই দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুই অভিযুক্ত।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলদা থানার পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। ছিনতাইকারীদের শনাক্ত করতে ওই এলাকার বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।ব্যস্ততম এলাকায় প্রকাশ্য দিবালোকে এমন ছিনতাইয়ের ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দিনের আলোয় যদি এভাবে দুষ্কৃতীরা প্রকাশ্যে ছিনতাই করে পালিয়ে যেতে পারে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা সুরক্ষিত—তা নিয়েই উদ্বেগ বাড়ছে এলাকাবাসীর মধ্যে।