মানবসেবার 13 বছর! বর্ণাঢ্য অনুষ্ঠানে উদযাপিত মেদিনীপুর রোটারি আই হসপিটালের প্রতিষ্ঠা দিবস!
নিজস্ব সংবাদদাতা : মানবসেবা ও উন্নত চক্ষুচিকিৎসার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য পথচলার সাক্ষী মেদিনীপুর রোটারি আই হসপিটাল। হাসপাতালের 13তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত হল এক বর্ণাঢ্য অনুষ্ঠান। বিশিষ্ট প্রশাসনিক আধিকারিক, চিকিৎসক, সমাজসেবী এবং শহরের গণ্যমান্য ব্যক্তিত্বদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে বিশেষ তাৎপর্যপূর্ণ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলা ম্যাজিস্ট্রেট বিজিন কৃষ্ণা, সিএমওএইচ ডাঃ সৌম্য শঙ্কর ষড়ঙ্গী, মেদিনীপুর রামকৃষ্ণ মঠের সম্পাদক স্বামী প্রার্থনানন্দ, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আধিকারিকবৃন্দ, মেদিনীপুর রোটারি আই হসপিটালের চেয়ারম্যান মদন মোহন মাইতি এবং পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাধারণ সম্পাদক চন্দন বসু।

এছাড়াও উপস্থিত ছিলেন মেদিনীপুর শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রখ্যাত চিকিৎসক, রোটারি ক্লাবের সদস্য, হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।13 বছরের এই পথচলায় চক্ষু চিকিৎসা ও মানবসেবার ক্ষেত্রে হাসপাতালের ভূমিকা এবং ভবিষ্যতের কর্মপরিকল্পনা অনুষ্ঠানের মূল ভাবনায় বিশেষ গুরুত্ব পায়। অতিথিদের উপস্থিতি ও শুভেচ্ছাবার্তা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আগামী দিনে আরও বৃহত্তর পরিসরে পরিষেবা প্রদানের অনুপ্রেরণা হয়ে ওঠে।

হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি, শুভানুধ্যায়ী, চিকিৎসক, রোটারি সদস্য এবং কর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।সহানুভূতি, নিষ্ঠা ও মানবিক দৃষ্টিভঙ্গিকে পাথেয় করে সমাজের সর্বস্তরের মানুষের কাছে মানসম্মত চক্ষু চিকিৎসা পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়েই আগামী দিনেও এগিয়ে চলতে চায় মেদিনীপুর রোটারি আই হসপিটাল। 13 বছরের সাফল্যের উদযাপনে নতুন করে জোরালো হল সেই মানবসেবার সংকল্প।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
সাফাই কর্মীদের অভিনব উদ্যোগ, রামজীবনপুরে বিধায়ক ও পৌর আধিকারিকদের সংবর্ধনা
পশ্চিম মেদিনীপুর
দীর্ঘদিনের দাবি পূরণ, ঘাটালের জানাপাড়ায় শুরু ঢালাই রাস্তা নির্মাণের কাজ, পরিদর্শনে বিধায়ক
পশ্চিম মেদিনীপুর