বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন ICSTS 2026-এর সফল সমাপ্তি, অংশ নিলেন দেশ-বিদেশের প্রায় 400 প্রতিনিধি
নিজস্ব সংবাদদাতা : বিজ্ঞান, প্রযুক্তি, মানবকল্যাণ ও পরিবেশ সংরক্ষণের ভাবনাকে সামনে রেখে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে সফলভাবে সম্পন্ন হলো দু’দিনের আন্তর্জাতিক সম্মেলন ICSTS 2026। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের 14টি বিভাগের যৌথ উদ্যোগে 26 ও 27 নভেম্বর এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের মূল বিষয় ছিল, “মানবকল্যাণ ও পরিবেশের সহায়তায় বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সমন্বয়: একটি আন্তঃবিভাগীয় দৃষ্টিভঙ্গি”। প্রায় 400 জন নিবন্ধিত প্রতিনিধি এই আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেন।

27 নভেম্বর বিকাল 4:30 টায় বিশ্ববিদ্যালয়ের বিবেকানন্দ সভাগৃহে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অবসরপ্রাপ্ত ভারতীয় বন পরিষেবা আধিকারিক ড. অতনু রাহা। প্রধান অতিথি হিসেবে সমাপনী ভাষণ দেন অস্ট্রেলিয়ার সিডনির আধ্যাত্মিক গুরু, IEP Peace Ambassador এবং Rotary International, USA-র Rotary Positive Peace Activator ভেন. ড. থিরাসাথো থেরো। তাঁর বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির সঙ্গে বৌদ্ধ দর্শনের করুণা, শান্তি ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। মানবকল্যাণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় আধ্যাত্মিক উপলব্ধি এবং পরিবেশ সচেতনতার প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি। সম্মেলনের প্লেনারি ও আমন্ত্রিত বক্তাদের মধ্যে অধ্যাপক সি. ভি. ইয়েলামাগ্গাড এবং অধ্যাপক রিকার্ডো সিলভেস্ত্রে সম্মেলনের আয়োজন ও শিক্ষামূলক কর্মসূচির প্রশংসা করেন।

অধ্যাপক ইয়েলামাগ্গাড তাঁর দীর্ঘ আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের অভিজ্ঞতার কথা উল্লেখ করে ICSTS 2026-কে অন্যতম সেরা সম্মেলন বলে অভিহিত করেন। বিশেষভাবে বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনীর প্রশংসা করেন তিনি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর বলেন, জাতীয় শিক্ষানীতি (NEP)-র সঙ্গে সামঞ্জস্য রেখে গবেষণা, শিক্ষা ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণকে এগিয়ে নিয়ে যাওয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম লক্ষ্য। ICSTS 2026 সেই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

সম্মেলনে সেরা পোস্টার এবং সেরা মৌখিক উপস্থাপনার জন্য মোট 24টি গবেষণা পুরস্কার প্রদান করা হয়। অন্যদিকে, সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক দিলীপ কে. মাইতি জানান, প্রায় 400 জন প্রতিনিধি বিভিন্ন অধিবেশনে অংশগ্রহণ করেন। পাশাপাশি স্নাতকোত্তর পড়ুয়াদের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনীর বিশেষ ব্যবস্থা ছিল। তাঁর মতে, অংশগ্রহণ ও কর্মসূচির বৈচিত্র্যের নিরিখে ICSTS 2026 বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম বৃহৎ শিক্ষামূলক সম্মেলন। দু’দিনের এই আন্তর্জাতিক সম্মেলন গবেষণা, উদ্ভাবন, পরিবেশ সংরক্ষণ এবং বিশ্বশান্তির বার্তা দিয়ে শেষ হয়। বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিকে মানবকল্যাণের কাজে লাগানোর পাশাপাশি আগামী প্রজন্মের মধ্যে গবেষণার আগ্রহ বাড়াতেও এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদী আয়োজকরা।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
মানবসেবার 13 বছর! বর্ণাঢ্য অনুষ্ঠানে উদযাপিত মেদিনীপুর রোটারি আই হসপিটালের প্রতিষ্ঠা দিবস!
পশ্চিম মেদিনীপুর
সাফাই কর্মীদের অভিনব উদ্যোগ, রামজীবনপুরে বিধায়ক ও পৌর আধিকারিকদের সংবর্ধনা
পশ্চিম মেদিনীপুর