Skip to content

মেদিনীপুরের মেয়ে এবার বিশ্বরেকর্ডধারী, পক প্রণালীতে দুরন্ত আফরিন

আফরিন জাবি।

নিজস্ব সংবাদদাতা : আবারও ইতিহাস গড়লেন মেদিনীপুরের কৃতী সাঁতারু আফরিন জাবি। মাত্র ৭ ঘণ্টা ০৫ মিনিটে পক প্রণালী (Palk Strait) সাঁতরে পার করে নতুন বিশ্বরেকর্ড গড়ে নজির সৃষ্টি করলেন তিনি। এই মুহূর্তে এটিই পক প্রণালী পার হওয়ার দ্রুততম সময় বলে দাবি করা হয়েছে। আফরিনের এই সাফল্যে উচ্ছ্বসিত গোটা মেদিনীপুর তথা রাজ্য। ভারত ও শ্রীলঙ্কার মাঝের ভয়ংকর স্রোত, অনিশ্চিত আবহাওয়া এবং দীর্ঘ জলপথকে জয় করে এই অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন আফরিন। তাঁর এই জয় শুধুমাত্র একটি রেকর্ড নয়, বরং দীর্ঘ দিনের কঠোর পরিশ্রম, ত্যাগ, মানসিক লড়াই এবং অদম্য জেদের প্রতিফলন। আগে জয় করেছিলেন ইংলিশ চ্যানেল, এবার পক প্রণালীতে বিশ্বরেকর্ড আফরিনের।

বাবা-মা এর সাথে কৃতী সাঁতারু (ইংলিশ চ্যানেল ও পক প্রণালী জয়ী ) আফরিন জাবি।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আফরিন বলেন, “এই সাফল্যের পিছনে আছে বহু বছরের কষ্ট, পরিশ্রম, কান্না, দোয়া আর একটা জেদ — আমাকে পারতেই হবে। অনেক সময় খুব কঠিন ছিল, কিন্তু মানুষের ভালোবাসা আর বিশ্বাস আমাকে আবার জলে নামিয়েছে।” এই কঠিন অভিযানে পাশে থাকার জন্য তিনি বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন মেদিনীপুর রোটারি আই হসপিটালকে। আফরিনের কথায়, “ওদের সাহায্য আর বিশ্বাস ছাড়া এই সাফল্য সম্ভব হতো না।” একই সঙ্গে নিজের সাঁতারের শুরুর জায়গা মেদিনীপুর সুইমিং ক্লাবের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ছোট্ট শিক্ষার্থী থেকে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছনোর পিছনে কোচদের অবদান স্মরণ করে আবেগঘন বার্তাও দেন আফরিন। তিনি বলেন, “যারা আমাকে শিখিয়েছেন, ভুল ধরিয়েছেন, বকেছেন, সাহস দিয়েছেন, বিশ্বাস রেখেছেন — প্রত্যেকের অবদান আমি কোনোদিন ভুলব না।” তবে সবচেয়ে আবেগঘন মুহূর্ত আসে যখন নিজের এই বিশ্বরেকর্ড বাবা-মাকে উৎসর্গ করেন আফরিন। তাঁর কথায়, “ওনারা শুধু টাকা নয়, নিজেদের পুরো জীবনটাই আমার স্বপ্নের জন্য দিয়ে দিয়েছেন। আজ আমি যা কিছু, সবটাই ওনাদের জন্য।” এই ঐতিহাসিক সাফল্যের পর এখন নতুন স্বপ্ন, নতুন লক্ষ্যের দিকেই তাকিয়ে আফরিন। তাঁর স্পষ্ট বার্তা — “এখানেই শেষ নয়… এটা শুধু নতুন শুরুর আরেকটা ধাপ।”

Latest