কাশ্মীরে ফের রক্তাক্ত হামলা! জঙ্গলে উদ্ধার দুই নিখোঁজ পুলিশকর্মীর গুলিবিদ্ধ দেহ
নিজস্ব সংবাদদাতা : জম্মু-কাশ্মীরে ফের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ। কিশতওয়ার জেলার মারওয়াহ এলাকার জঙ্গল থেকে উদ্ধার হল নিখোঁজ দুই পুলিশকর্মীর গুলিবিদ্ধ দেহ। মৃত দু’জনের শরীরে একাধিক গুলির চিহ্ন মিলেছে। বুধবার থেকে তাঁদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। এই ঘটনার পিছনে জঙ্গিদের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অন্যদিকে, হামলাকারীদের সন্ধানে এলাকায় জোরদার করা হয়েছে তল্লাশি অভিযান।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই স্পেশাল পুলিশ অফিসারের (SPO) নাম রশপাল কুমার ও বাবি চাঁদ। তাঁরা কিশতওয়ার জেলার ডাচ্ছান এলাকার বাসিন্দা ছিলেন। দু’জনেই স্থানীয় পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপের (SOG) সঙ্গে যুক্ত ছিলেন।প্রাথমিক তথ্য অনুযায়ী, বুধবার সেনা পোস্টের দিকে যাচ্ছিলেন ওই দুই পুলিশকর্মী। সেই সময় মারওয়াহ এলাকার দেহরানা জঙ্গলে গুলির শব্দ শোনা যায়। এরপর থেকেই তাঁদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রথমদিকে তাঁদের মোবাইল ফোন চালু থাকলেও পরবর্তীতে ফোন বন্ধ হয়ে যায়। তাতেই বাড়তে থাকে উদ্বেগ।এরপরই নিখোঁজ পুলিশকর্মীদের সন্ধানে তল্লাশি শুরু করে পুলিশ ও নিরাপত্তাবাহিনী। বৃহস্পতিবার সকালে ডেরনা টপ এলাকা থেকে তাঁদের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে তাঁদের সঙ্গে থাকা ইনসাস রাইফেলও পাওয়া যায়নি। অনুমান, হামলাকারীরা অস্ত্রগুলি নিয়ে পালিয়ে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ এবং হামলাকারীদের পরিচয় এখনও নিশ্চিত নয়।উল্লেখ্য, এর আগেও দক্ষিণ কাশ্মীরের কুলগামের আখরান ও মির বাজার এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছিল। সেখানে একটি চেকপোস্টে নাকা তল্লাশি চলাকালীন বাইকে চেপে আসা দুষ্কৃতীরা আচমকাই সিআরপিএফ জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। সেই হামলায় দুই জওয়ানের মৃত্যু হয় বলে জানা গিয়েছে।পরপর এই ধরনের ঘটনায় জম্মু-কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। কিশতওয়ারের ঘটনায় কারা জড়িত, তা জানতে তদন্ত চালাচ্ছে নিরাপত্তা সংস্থাগুলি। পাশাপাশি সম্ভাব্য হামলাকারীদের সন্ধানে এলাকায় তল্লাশি অব্যাহত রয়েছে।