অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

দেশের প্রথম আইআইটি হিসেবে এমডি কোর্স চালু করছে খড়্গপুর আইআইটি, এনএমসি-র অনুমোদনে নতুন অধ্যায়!

দেশের প্রথম আইআইটি হিসেবে এমডি কোর্স চালু করছে খড়্গপুর আইআইটি, এনএমসি-র অনুমোদনে নতুন অধ্যায়!

অরিন্দম চক্রবর্তী : চিকিৎসাশিক্ষার ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করতে চলেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) খড়্গপুর। দেশের প্রথম আইআইটি হিসেবে ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি)-এর অনুমোদন পেয়ে স্নাতকোত্তর স্তরের চিকিৎসাশিক্ষা অর্থাৎ এমডি (MD) পাঠ্যক্রম চালু করতে চলেছে এই প্রতিষ্ঠান। আগামী 2026-27 শিক্ষাবর্ষ থেকেই ছ’টি বিশেষায়িত বিষয়ে শুরু হবে এই কোর্স। বৃহস্পতিবার প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের তরফে এই ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠান সূত্রে জানা গিয়েছে, প্রথম শিক্ষাবর্ষে মোট 12টি আসনে পড়ুয়ারা ভর্তির সুযোগ পাবেন। ছ’টি বিষয়ে প্রতিটিতে দু’টি করে আসন বরাদ্দ করা হয়েছে। বিষয়গুলি হল—

1. জেনারেল মেডিসিন (General Medicine)
2. রেডিওলজি (Radiology)
3. ফিজিওলজি (Physiology)
4. প্যাথলজি (Pathology)
5. কমিউনিটি মেডিসিন (Community Medicine)
6. বায়োকেমিস্ট্রি (Biochemistry)।

আইআইটি খড়্গপুরের অধীনস্থ ডঃ বি সি রায় মাল্টি-স্পেশালিটি মেডিক্যাল রিসার্চ সেন্টারে এই স্নাতকোত্তর চিকিৎসাশিক্ষার পাঠক্রম পরিচালিত হবে। 2026-27 শিক্ষাবর্ষে এখানেই এমডি কোর্সের প্রথম ব্যাচের পড়াশোনা শুরু হবে। ভর্তির ক্ষেত্রে নিট-পিজি (NEET-PG) 2026-এর কাউন্সেলিং প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।1951 সালে প্রতিষ্ঠিত আইআইটি খড়্গপুর দেশের প্রথম আইআইটি হিসেবে দীর্ঘদিন ধরেই প্রযুক্তি ও গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এবার স্নাতকোত্তর চিকিৎসাশিক্ষার পরিসরে প্রবেশের মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষাক্ষেত্রে যুক্ত হতে চলেছে নতুন একটি অধ্যায়।প্রযুক্তি, গবেষণা ও চিকিৎসাবিজ্ঞানের সমন্বয়ে উচ্চতর চিকিৎসাশিক্ষার সুযোগ তৈরির এই উদ্যোগ দেশের শিক্ষা ও চিকিৎসা গবেষণার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে মনে করা হচ্ছে। এনএমসি-র অনুমোদনে এমডি পাঠ্যক্রম চালুর মধ্য দিয়ে আইআইটি খড়্গপুরের মুকুটে যুক্ত হতে চলেছে আরও একটি নতুন পালক।