কানপুরে বড়সড় রেল দুর্ঘটনা এড়াল (15003)চৌরী চৌরা এক্সপ্রেস, লাইনচ্যুত চার কামরা!
নিজস্ব সংবাদদাতা : উত্তরপ্রদেশের কানপুরে বড়সড় রেল দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেল চৌরী চৌরা এক্সপ্রেস। বুধবার বিকেলে কানপুর সেন্ট্রাল স্টেশন ছেড়ে কিছুটা এগোতেই ট্রেনটির পরপর চারটি কামরা লাইনচ্যুত হয়। ওই চারটি কামরায় অন্তত 300 জন যাত্রী ছিলেন। তবে রেলের আধিকারিকদের দাবি, দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হননি। সমস্ত যাত্রী নিরাপদে রয়েছেন।রেল সূত্রে জানা গিয়েছে, 15003 নম্বরের চৌরী চৌরা এক্সপ্রেস কানপুর আনোয়ারগঞ্জ থেকে গোরখপুর পর্যন্ত চলাচল করে। বুধবার বিকেল 5টা 3 মিনিট নাগাদ ট্রেনটি কানপুর সেন্ট্রাল স্টেশনের সাত নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছয়। মাত্র দু’মিনিট পর স্টেশন ছেড়ে এগোতেই আচমকা ট্রেনটির চারটি কামরা পরপর লাইনচ্যুত হয়। বি4, বি5, বি6 এবং বি7 নম্বর কামরার চাকা রেললাইন থেকে সরে যায়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রেল প্রশাসনের মধ্যে তৎপরতা শুরু হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছন রেল আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। কানপুর সেন্ট্রালের ডেপুটি চিফ ট্রাফিক ম্যানেজার অক্ষাংশু গোভিল জানান, লাইনচ্যুত চারটি কামরায় প্রায় 300 জন যাত্রী ছিলেন। তবে তাঁদের প্রত্যেকেই নিরাপদে রয়েছেন এবং কারও গুরুতর আঘাত লাগেনি।

এদিকে, দুর্ঘটনার পর ট্রেন চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত চারটি কামরা সরিয়ে বাকি কামরাগুলির সঙ্গে ইঞ্জিন জুড়ে ট্রেনটিকে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করছেন রেল আধিকারিকেরা।কী কারণে চলন্ত ট্রেনের চারটি কামরা লাইনচ্যুত হল, তা খতিয়ে দেখা হচ্ছে। বড়সড় প্রাণহানি বা গুরুতর হতাহতের ঘটনা না ঘটলেও এই দুর্ঘটনা রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।