Skip to content

কালীঘাটের রক্ষাকালী পূজায় শুভেন্দু, বাংলার উন্নয়নের অঙ্গীকার মুখ্যমন্ত্রীর!

“কালী কলকাত্তাওয়ালী”— এই প্রবচন বাঙালির আবেগ ও বিশ্বাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে। সেই বিশ্বাসেরই যেন এক বিশেষ ইঙ্গিত পেয়েছিলেন শুভেন্দু অধিকারী, যখন নির্বাচনের আগে কালীঘাট মন্দিরে মায়ের আশীর্বাদ নিতে গিয়েছিলেন তিনি। কথিত আছে, মায়ের পায়ে প্রণাম করতে গিয়ে তাঁর হাতে এসে পড়েছিল একটি ফুটন্ত পদ্মফুল। সেই মুহূর্তেই তিনি যেন উপলব্ধি করেছিলেন, মায়ের আশীর্বাদ সঙ্গী করেই তিনি পার করবেন নির্বাচনের কঠিন লড়াই।অবশেষে সেই ফলও মিলল হাতেনাতে। কঠিন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে বাংলার মানুষের কাছে নতুন অঙ্গীকার, নতুন ভাবনা এবং নতুন দিশার প্রতিশ্রুতি নিয়ে ভারতীয় জনতা পার্টির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন কাঁথির মাটির মানুষ শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরই তিনি বঙ্গবাসীর আশা-আকাঙ্ক্ষা পূরণের অঙ্গীকার করে পৌঁছে যান কালীঘাটে দক্ষিণা কালী মাতার চরণে। সেখানে তিনি মায়ের পূজা দেন, পদ্মফুল অর্পণ করেন এবং সকলের সামনে জানান, নির্বাচনের আগেই কীভাবে মায়ের আশীর্বাদ তিনি অনুভব করেছিলেন।বৈশাখ মাসের এই বিশেষ তিথিতে কালীঘাটে অনুষ্ঠিত হচ্ছিল দক্ষিণা কালী মাতার রক্ষাকালী পূজা। সেই পবিত্র মুহূর্তেই মন্দিরে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মায়ের আরাধনা করেন এবং প্রার্থনা জানান, যাতে তিনি এই গুরুদায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন।

পাশাপাশি মন্দিরের পুরোহিত, সেবায়েত ও উপস্থিত ভক্তদের কাছেও আশীর্বাদ প্রার্থনা করেন, যাতে বাংলার মানুষের প্রত্যাশা পূরণে তিনি সফল হন।সেই সময় রক্ষাকালী পূজায় উপস্থিত ছিলেন কালীঘাট মন্দিরের পুরোহিত হিমাদ্রি ভট্টাচার্য এবং সেবায়েত অর্চনা হালদার মুখার্জি সহ অন্যান্য সেবায়েত সদস্যরা। মুখ্যমন্ত্রী তাঁদের আশ্বাস দেন, কালীঘাটের উন্নয়ন ও ঐতিহ্য রক্ষায় তিনি সর্বতোভাবে সহযোগিতা করবেন। সকলের মতামত নিয়ে আগামী দিনে কালীঘাটকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পীঠস্থান হিসেবে বিশ্বদরবারে তুলে ধরার কথাও জানান তিনি।নতুন মুখ্যমন্ত্রীর এই অঙ্গীকার ও উদ্যোগে উপস্থিত ভক্ত, সেবায়েত এবং মন্দির কর্তৃপক্ষ আনন্দিত ও আপ্লুত হয়ে ওঠেন। জয়ধ্বনির মধ্য দিয়ে তাঁকে বরণ করে নেন সকলে। – পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায় (আকাশবাণী কলকাতা কেন্দ্রের সাথে যুক্ত বাচিক শিল্পী,সংবাদ পাঠক এবং আবৃত্তিকার)

Latest