নিজস্ব সংবাদদাতা : আইআইটি খড়্গপুরে আবারও চাঞ্চল্যকর ঘটনা। আইআইটি খড়্গপুরে এক তরুণ পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে তীব্র আতঙ্ক ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। মৃত পড়ুয়ার নাম জয়বীর সিং দোড়িয়া। মাত্র ২১ বছর বয়সী এই ছাত্র ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং-এর তৃতীয় বর্ষে পড়তেন এবং থাকতেন অটলবিহারী বাজপেয়ী হলে। শনিবার সকালে হোস্টেলের সাততলার নিচে রক্তাক্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। দ্রুত তাঁকে আইআইটি খড়্গপুরের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ছাদ থেকে ঝাঁপ দিয়েই আত্মহত্যা করেছেন তিনি। যদিও ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। আইআইটি সূত্রে জানা গিয়েছে, জয়বীরের বাড়ি গুজরাটের আমেদাবাদের বোপাল থানা এলাকায়। তাঁর অকালমৃত্যুর খবর পেয়ে শোকস্তব্ধ পরিবার ও সহপাঠীরা। এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে ক্যাম্পাসের নিরাপত্তা ও পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যের ওপর। গত ১৬ মাসে এই নিয়ে আইআইটি খড়্গপুরে ৮ জন পড়ুয়া ও গবেষকের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে, যার মধ্যে ৭টি ঘটনাই ঘটেছে ক্যাম্পাসের ভিতরে। উদ্বেগজনক ভাবে, তাঁদের মধ্যে ৫ জনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। সর্বশেষ গত ডিসেম্বরে এক পড়ুয়ার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় ক্যাম্পাসের কাছেই হিজলি রেললাইনের পাশ থেকে।একাধিক মৃত্যুর এই ধারাবাহিকতায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—কোথায় ফাঁক থেকে যাচ্ছে? পড়ুয়াদের নিরাপত্তা ও মানসিক সহায়তায় আরও কার্যকর পদক্ষেপ কি জরুরি নয়? ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলছেন অনেকেই।