অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং বিরসা মুন্ডার জন্মজয়ন্তীতে বেলপাহাড়ি থেকে একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর, 770 জনের হাতে জমির মালিকানার নথি

উৎসবের আনন্দে মানবিকতার ছোঁয়া, রাজাবাজারে 500 সবজি বিক্রেতার হাতে কম্বল তুলে দিল দুর্গা উৎসব সমিতি

উৎসবের আনন্দে মানবিকতার ছোঁয়া, রাজাবাজারে 500 সবজি বিক্রেতার হাতে কম্বল তুলে দিল দুর্গা উৎসব সমিতি

সেখ ওয়ারেশ আলী : উৎসবের আনন্দ শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে ভাগ করে নেওয়ার বার্তা দিল রাজাবাজার দুর্গা উৎসব সমিতি। 42তম দুর্গোৎসবের আনন্দ ও সাফল্যকে স্মরণীয় করে রাখতে সমিতির উদ্যোগে আয়োজন করা হল বিশেষ কম্বল বিতরণ কর্মসূচি। এই কর্মসূচিতে রাজাবাজারের প্রায় 500 জন সবজি বিক্রেতার হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হয়।সমিতির সহ-সভাপতি এ ডি বর্মন জানান, এবছর রাজাবাজার দুর্গা উৎসব সমিতির 42তম দুর্গোৎসব অত্যন্ত আনন্দ ও উৎসাহের সঙ্গে উদযাপিত হয়েছে। উৎসবকে সফল করে তুলতে রাজাবাজারের সবজি বিক্রেতারা বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। তাঁদের সেই অবদান ও সহযোগিতার প্রতি সম্মান জানাতেই এই কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

তিনি আরও জানান, শুধু শীতবস্ত্র বিতরণই নয়, আগামী সপ্তাহে প্রায় এক হাজার মানুষের জন্য অন্নভোগের আয়োজন করা হবে। এর মধ্য দিয়ে উৎসবের আনন্দ সমাজের আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়াই সমিতির লক্ষ্য।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমিতির সম্পাদক সুব্রত রায়, সহ-সভাপতি এ ডি বর্মন-সহ সমিতির অন্যান্য সদস্য ও কর্মকর্তারা।উৎসবের উদযাপনের পাশাপাশি সমাজের মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ স্থানীয় মহলে প্রশংসা কুড়িয়েছে। আনন্দ, সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতার মেলবন্ধনে রাজাবাজার দুর্গা উৎসব সমিতির এই আয়োজন হয়ে উঠল মানবিকতার এক সুন্দর দৃষ্টান্ত।