অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং বিরসা মুন্ডার জন্মজয়ন্তীতে বেলপাহাড়ি থেকে একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর, 770 জনের হাতে জমির মালিকানার নথি

বিরসা মুন্ডার জন্মজয়ন্তীতে বেলপাহাড়ি থেকে একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর, 770 জনের হাতে জমির মালিকানার নথি

বিরসা মুন্ডার জন্মজয়ন্তীতে বেলপাহাড়ি থেকে একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর, 770 জনের হাতে জমির মালিকানার নথি

নিজস্ব সংবাদদাতা : বিরসা মুন্ডার জন্মজয়ন্তী ও জনজাতি গৌরব দিবস উপলক্ষে ঝাড়গ্রামের বেলপাহাড়ির সাহাড়ি মাঠের সভা থেকে আদিবাসী সম্প্রদায়ের অধিকার, সামাজিক সুরক্ষা ও উন্নয়ন নিয়ে একাধিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন 770 জনের হাতে জমির মালিকানার নথি তুলে দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। পাশাপাশি ভুয়ো তফসিলি জনজাতি (এসটি) শংসাপত্রের বিরুদ্ধে কড়া অবস্থানের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 73টি ভুয়ো এসটি শংসাপত্র চিহ্নিত করে বাতিল করা হয়েছে। তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, “একটাও ভুয়া এসটি সার্টিফিকেট দিতে দেবো না।”সভা থেকে জনজাতি সম্প্রদায়ের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। শবর সম্প্রদায়ের 75 হাজার মানুষকে বিশেষ রেশন ব্যবস্থার আওতায় আনার কথা জানান তিনি। পাশাপাশি 2 লক্ষ 72 হাজার জনজাতি উপভোক্তার জন্য ‘জয় জোহার’ প্রকল্পের মাসিক পেনশন 1,500 টাকা করে বাড়ানোর ঘোষণা করেন।

শিক্ষার প্রসারে একলব্য বিদ্যালয়ের বৃত্তি বৃদ্ধির কথাও জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে জনজাতি অধ্যুষিত 1,237টি গ্রামকে তালিকাভুক্ত করার কথা বলেন তিনি। ঝাড়গ্রামে একটি আদিবাসী বিশ্ববিদ্যালয় গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন। তাঁর বক্তব্যে উঠে আসে জনজাতি এলাকার পরিকাঠামো উন্নয়নের বিষয়টিও।এদিন ডুলুং নদীর উপর 43 কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ, প্রতিটি বাড়িতে পানীয় জলের সংযোগ এবং পাকা বাড়ি তৈরির প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এলাকার শিক্ষিত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের আশ্বাসও দেন তিনি।বক্তব্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রসঙ্গও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। জনজাতি সম্প্রদায়ের মর্যাদা, অধিকার ও উন্নয়নের বিষয়কে সামনে রেখে একাধিক পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।এদিনের সভা থেকে মোট 137টি প্রকল্পের শিলান্যাস এবং 51টি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। জনজাতি গৌরব দিবসের মঞ্চকে সামনে রেখে জমির অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, আবাসন ও কর্মসংস্থান—একাধিক ক্ষেত্রে উন্নয়নের বার্তা দেন তিনি।