মদ্যপ চালকের ধাক্কায় গুরুতর জখম শিশু, পাশে সমাজকর্মী ও স্বাস্থ্য দফতর!
নিজস্ব সংবাদদাতা : মাত্র এক বছরের শিশু। বাবার সঙ্গে বাইকে যাওয়ার সময় পিছন থেকে মদ্যপ অবস্থায় থাকা এক গাড়িচালকের ধাক্কায় গুরুতর জখম হয় সে। গত 12 নভেম্বরের এই দুর্ঘটনায় বাবা একদিকে ছিটকে পড়েন, অন্যদিকে ছিটকে পড়ে শিশুটিও। গুরুতর আঘাত লাগে শিশুটির মাথায়। চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী, মাথার পিছনের অংশের তিনটি হাড় ভেঙে গিয়েছে, যার মধ্যে একটি অংশ ভিতরের দিকে ঢুকে গিয়েছে। বর্তমানে কলকাতা মেডিক্যাল কলেজের ICU-তে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই করছে একরত্তি।দুর্ঘটনার পর শিশুটিকে নিয়ে শুরু হয় এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছোটাছুটি। সুন্দরবন থেকে এনআরএস মেডিক্যাল কলেজ, ফুলবাগান, কেপিসি—একাধিক হাসপাতালে ঘুরেও শিশুটির উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হিমশিম খেতে হয় অসহায় বাবা-মাকে। আর্থিক অনটনের মধ্যেও সন্তানের চিকিৎসার শেষ চেষ্টা হিসেবে তাকে কলকাতার রুবি হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। কিন্তু দীর্ঘদিন সেখানে চিকিৎসা চালিয়ে যাওয়ার মতো আর্থিক সামর্থ্য ছিল না পরিবারের।এমন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় পরিবারের চিকিৎসার আবেদন নজরে আসে সমাজকর্মী নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের। এরপর নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় ও পূর্বাশা মুখোপাধ্যায়ের উদ্যোগে শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। চিকিৎসকদের সঙ্গে কথা বলার পাশাপাশি স্বাস্থ্য দফতরের কাছেও সাহায্যের আবেদন জানানো হয়।এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেন পশ্চিমবঙ্গের মুখ্য স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। তাঁর সহযোগিতায় ওই রাতেই শিশুটিকে কলকাতা মেডিক্যাল কলেজের শিশু বিভাগের ICU-তে ভর্তি করার ব্যবস্থা হয়।

বর্তমানে চিকিৎসকেরা শিশুটির প্রাণ বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।এখন পরিবারের পাশাপাশি শুভাকাঙ্ক্ষীদের একটাই প্রার্থনা—জীবনের শুরুতেই এমন ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়া এক বছরের শিশুটি যেন সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।তবে এই ঘটনা ফের সামনে এনে দিয়েছে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিপজ্জনক পরিণতি। একজন চালকের অসচেতনতা ও বেপরোয়া আচরণ কীভাবে একটি পরিবারের জীবনে গভীর সংকট ডেকে আনতে পারে, এই ঘটনা তারই মর্মান্তিক উদাহরণ। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিরুদ্ধে কঠোর নজরদারি, নিয়মিত পরীক্ষা এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা নতুন করে উঠে এসেছে।পাশাপাশি, দুর্ঘটনায় গুরুতর আহত রোগীদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালগুলির মধ্যে সমন্বয় ও জরুরি পরিষেবার কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠছে।একটি শিশুর জীবন বাঁচানোর লড়াই এখন গোটা পরিবারের লড়াই। সেই লড়াইয়ে চিকিৎসক, প্রশাসন ও সমাজের সম্মিলিত সহযোগিতাই হয়ে উঠুক আশার আলো।