নিজস্ব সংবাদদাতা : জঙ্গলমহলের জনপ্রিয় ঝুমুর শিল্পী রজনী পাত্রের অকাল মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঝাড়গ্রামে। তাঁর মৃত্যুর ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে সরব হয়েছে পরিবার, ঝুমুর শিল্পী মহল এবং কুড়মি সমাজের সদস্যরা। ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার নার্সিংহোমের সামনে বিক্ষোভও দেখানো হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, অন্তঃসত্ত্বা অবস্থায় রজনী পাত্রকে ঝাড়গ্রাম শহরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে তিনি এক সন্তানের জন্ম দেন। পরিবারের দাবি, অস্ত্রোপচারের পর মা ও নবজাতক—উভয়ের অবস্থাই স্থিতিশীল ছিল। অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যার পর হঠাৎই রজনী পাত্রের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। পরিবারের সদস্যরা বারবার নার্সিংহোম কর্তৃপক্ষকে বিষয়টি জানালেও, পরিস্থিতির গুরুত্ব সত্ত্বেও দীর্ঘ সময় কোনও চিকিৎসক তাঁকে দেখতে আসেননি বলে অভিযোগ। সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয় এবং শেষ পর্যন্ত ভোররাতে তাঁর মৃত্যু হয় বলে দাবি পরিবারের। এই মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নার্সিংহোমের সামনে ভিড় জমান পরিবারের সদস্য, ঝুমুর শিল্পী এবং কুড়মি সমাজের বহু মানুষ। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে তাঁরা নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হন এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পরবর্তীতে ঝাড়গ্রাম থানায় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করতে হবে, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে এবং নার্সিংহোমের মালিক-সহ দায়ী সকলকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। অন্যদিকে, এই ঘটনায় সংশ্লিষ্ট বেসরকারি নার্সিংহোম বা অভিযুক্ত চিকিৎসকের পক্ষ থেকে সংবাদ প্রকাশ পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রজনী পাত্রের মৃত্যুতে ঝুমুর সংগীত জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তাঁর অকাল প্রয়াণে শিল্পী মহল এবং অনুরাগীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।
ঝুমুর শিল্পী রজনী পাত্রের মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য,চিকিৎসায় গাফিলতির অভিযোগ,তদন্তের দাবি !