সাপের সঙ্গে খেলাই কাল! মনসা পুজোর আসরে বিষধরের ছোবলে মৃত্যু ঝাড়গ্রামের সর্পবন্ধু রাহুলের
নিজস্ব সংবাদদাতা : সাপের প্রতি ছিল গভীর ভালোবাসা। এলাকায় পরিচিত ছিলেন ‘সর্পবন্ধু’ হিসেবে। কোথাও বিষধর সাপের দেখা মিললেই ছুটে যেতেন উদ্ধার করতে। অথচ সেই প্রিয় সরীসৃপের ছোবলেই শেষ পর্যন্ত প্রাণ হারালেন ঝাড়গ্রামের রাহুল দণ্ডপাট। মনসা পুজো উপলক্ষে বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে সাপের খেলা দেখাতে গিয়েই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর-2 ব্লকের খাড়বান্ধি গ্রাম পঞ্চায়েতের চৌনিশোল গ্রামের বাসিন্দা ছিলেন রাহুল। সাপের প্রতি ভালোবাসা থেকেই বাড়িতে ধুমধাম করে মনসা পুজোর আয়োজন করেছিলেন তিনি। সেই উপলক্ষে বাড়িতে ভিড় জমিয়েছিলেন এলাকার বহু মানুষ। পুজোর অনুষ্ঠানে জীবন্ত সাপ নিয়ে বিপজ্জনক খেলা দেখাচ্ছিলেন রাহুল। সেই দৃশ্য মোবাইল ফোনে বন্দি করছিলেন উপস্থিত অনেকে।জানা গিয়েছে, গলায় জীবন্ত সাপ ঝুলিয়ে 'ঝাঁপান' দেখানোর সময় এক ব্যক্তির সঙ্গে কথা বলতে গিয়ে কিছুটা অন্যমনস্ক হয়ে পড়েন রাহুল। সেই সুযোগে তাঁর গলায় থাকা সাপটি বাঁ হাতে ছোবল মারে। সঙ্গে সঙ্গে সাপটিকে গলা থেকে ছুড়ে ফেলে দেন তিনি। তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে সামনের একটি পিকআপ ভ্যানে উঠে পড়েন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, সাপের কামড়ের পর প্রথমে রাহুল হাসপাতালে যেতে রাজি হননি। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।রাহুলের মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর সঙ্গী অসীম মহাপাত্র। তিনি জানান, দীর্ঘদিন ধরে রাহুলের সঙ্গে একাধিকবার সাপ উদ্ধারের কাজে অংশ নিয়েছেন। তিনিও বহুবার সাপের কামড় খেয়েছেন। এমনকী, তিন বছর আগে সাপের কামড়ের জেরে তাঁর একটি আঙুল বাদ দিতে হয়েছিল। কিন্তু এত অভিজ্ঞতার পরেও রাহুলের এমন পরিণতি হবে, তা তিনি কল্পনাও করতে পারেননি।অসীমের অনুমান, মনসা পুজোর জন্য সারাদিন উপোস থাকায় রাহুল শারীরিকভাবে দুর্বল ছিলেন। তবে তাঁর শরীরে বিষ দ্রুত ছড়িয়ে পড়ার কারণ সম্পর্কে চিকিৎসকদের কোনও নিশ্চিত বক্তব্য এখনও জানা যায়নি।সাপ উদ্ধার ও সাপের প্রতি ভালোবাসার জন্য এলাকায় পরিচিত রাহুলের এমন আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চৌনিশোল গ্রামে। এই ঘটনা আবারও মনে করিয়ে দিল, বিষধর সাপ নিয়ে প্রশিক্ষণ ও উপযুক্ত নিরাপত্তা ছাড়া খেলা বা প্রদর্শন কতটা বিপজ্জনক হতে পারে।