মেদিনীপুর 20° 🌙 · AQI 268 · খারাপ 26 নভেম্বর 2026, বৃহস্পতিবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং বাংলার পরিকাঠামোয় কেন্দ্রের বড় ঘোষণা! অতিরিক্ত 1 লক্ষ কোটি টাকার প্যাকেজ, 8,700 কোটির 22টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস!

বিজ্ঞান ও প্রযুক্তির মেলবন্ধনে আন্তর্জাতিক সম্মেলন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে, 8 দেশের গবেষক-শিক্ষাবিদদের সমাগম!

বিজ্ঞান ও প্রযুক্তির মেলবন্ধনে আন্তর্জাতিক সম্মেলন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে, 8 দেশের গবেষক-শিক্ষাবিদদের সমাগম!

নিজস্ব সংবাদদাতা : মানবকল্যাণ, পরিবেশ সংরক্ষণ এবং প্রযুক্তিগত অগ্রগতির লক্ষ্যে আন্তঃবিষয়ক গবেষণার প্রসারে আন্তর্জাতিক মঞ্চ হয়ে উঠল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের উদ্যোগে বৃহস্পতিবার বিবেকানন্দ সভাগৃহে শুরু হল দু’দিনের আন্তর্জাতিক সম্মেলন ‘Scientific and Technological Synergy: A Cross-Disciplinary Approach to Support Human Welfare and Environment’ (ICSTS 2026)। বিশ্ববিদ্যালয়ের 14টি বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলন চলবে 27 নভেম্বর পর্যন্ত। ভারত-সহ বিশ্বের মোট আটটি দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, বিজ্ঞানী, গবেষক ও প্রযুক্তিবিদরা এতে অংশগ্রহণ করেছেন।বৃহস্পতিবার সকাল 11টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার করের স্বাগত ভাষণের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধনী অধিবেশন শুরু হয়। বক্তব্যে তিনি গুণগত গবেষণা, শিক্ষার উৎকর্ষ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। একইসঙ্গে টেকসই উন্নয়নের লক্ষ্যে বৈজ্ঞানিক জ্ঞান ও সামাজিক চাহিদার সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈবপ্রযুক্তি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অধ্যাপক কল্যাণ চক্রবর্তী। উদ্বোধনী বক্তব্যে তিনি মানবকল্যাণ, পরিবেশগত সমস্যা মোকাবিলা এবং সমাজের ভবিষ্যৎ নির্মাণে বিজ্ঞান, প্রযুক্তি, স্বাস্থ্য ও জৈবপ্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা করেন।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আইআইটি খড়্গপুরের অধিকর্তা অধ্যাপক সুমন চক্রবর্তী আন্তঃবিষয়ক গবেষণা ও বৈজ্ঞানিক উদ্ভাবনের ক্ষেত্রে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের যৌথ উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও স্বাস্থ্যবিজ্ঞানের ক্ষেত্রে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আইআইটি খড়্গপুরের যৌথ গবেষণার সম্ভাবনার কথাও উল্লেখ করেন। তাঁর বক্তব্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে ভবিষ্যৎ গবেষণা ও শিক্ষামূলক সহযোগিতার নতুন সম্ভাবনা উঠে আসে।

তিনটি বিশেষ উদ্ভিদ উদ্যানের উদ্বোধন :উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম উল্লেখযোগ্য আকর্ষণ ছিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের জীববৈচিত্র্য ও জার্মপ্লাজম সংরক্ষণ কেন্দ্রের অধীনে তিনটি বিশেষ উদ্ভিদ উদ্যানের উদ্বোধন। পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অধ্যাপক কল্যাণ চক্রবর্তী উদ্বোধন করেন ‘Rare and Threatened Plant Garden’, ‘Natural Soil-Binding Plant Garden’ এবং ‘Natural Fibre Plant Garden’।এই উদ্যানগুলির মাধ্যমে বিরল ও বিপন্ন উদ্ভিদ প্রজাতির সংরক্ষণ, উদ্ভিদ জিনগত সম্পদের সুরক্ষা, মাটির ক্ষয়রোধে সহায়ক উদ্ভিদের পরিচর্যা এবং প্রাকৃতিক তন্তু উৎপাদনকারী উদ্ভিদের সংরক্ষণে গুরুত্ব দেওয়া হবে। জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশবান্ধব গবেষণার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ।সম্মেলনের উদ্দেশ্য ও গবেষণাগত গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক পরেশচন্দ্র জানা। এরপর বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে ICSTS 2026-এর ‘Book of Abstracts’ প্রকাশিত হয়।

আইআইটি খড়্গপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা : গবেষণা ও উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়াতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আইআইটি খড়্গপুর এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের পৃথক দুটি সমঝোতাপত্র (MoU) স্বাক্ষরিত হয়। এই সমঝোতার মাধ্যমে যৌথ গবেষণা, শিক্ষক ও ছাত্রছাত্রীদের আদান-প্রদান, জ্ঞান বিনিময় এবং বিভিন্ন শিক্ষামূলক ও গবেষণামূলক কর্মসূচি বাস্তবায়নের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।সম্মেলনে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগালের মিনহো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিকার্ডো সিলভেস্ত্রি।

তাঁর বক্তব্যে আন্তর্জাতিক স্তরে বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণায় সহযোগিতা, বিভিন্ন বিষয়ের মধ্যে সমন্বয় এবং গবেষণালব্ধ অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব উঠে আসে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের প্রাক্তনী ড. শঙ্কর কুমার গুছাইত। তিনি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একটি জাতীয় স্তরের স্টেডিয়াম প্রতিষ্ঠার আশা প্রকাশ করেন। এছাড়াও কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক-সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষাবিদ ও প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন।

300টি গবেষণাপত্র, অংশগ্রহণ প্রায় 1200 জনের : দু’দিনের এই আন্তর্জাতিক সম্মেলনে মোট 32 জন পূর্ণাঙ্গ অধিবেশনের বক্তা (Plenary Speakers) অংশগ্রহণ করছেন। তাঁদের মধ্যে সাতজন আন্তর্জাতিক এবং 25 জন জাতীয় স্তরের বিশিষ্ট বক্তা রয়েছেন। বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন শাখায় তাঁদের গবেষণার ফলাফল ও অভিজ্ঞতা তুলে ধরছেন তাঁরা।সম্মেলনের ছয়টি উপবিষয়ের অধীনে প্রায় 300টি গবেষণাপত্র মৌখিক ও পোস্টার উপস্থাপনার মাধ্যমে আলোচিত হচ্ছে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়-সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংস্থার প্রায় 1200 জন স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রী, গবেষক, শিক্ষক এবং অন্যান্য অংশগ্রহণকারী এই সম্মেলনে যোগ দিয়েছেন। ফলে গবেষক ও শিক্ষাবিদদের মধ্যে মতবিনিময় এবং নতুন গবেষণার সম্ভাবনা তৈরির সুযোগ সৃষ্টি হয়েছে।

21টি স্টল নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী : আন্তর্জাতিক সম্মেলনের পাশাপাশি আয়োজন করা হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী (Science and Technology Expo)। এখানে মোট 21টি স্টল স্থান পেয়েছে। অংশগ্রহণকারী উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলির মধ্যে রয়েছে ভারতীয় জাদুঘর (Indian Museum), ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (ASI), প্রাণিবিদ্যা সর্বেক্ষণ (ZSI), উদ্ভিদবিদ্যা সর্বেক্ষণ (BSI), আইআইটি খড়্গপুর, WWF, ROBONIX, Jayjyoti, Jindal Steel এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ।এই প্রদর্শনীতে বৈজ্ঞানিক উদ্ভাবন, প্রযুক্তিগত অগ্রগতি, গবেষণার ফলাফল এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকাণ্ড তুলে ধরা হচ্ছে। গবেষক, ছাত্রছাত্রী ও সাধারণ দর্শকদের কাছে বিজ্ঞান ও প্রযুক্তির নানা দিক পরিচিত করার সুযোগ তৈরি হয়েছে।

সম্মেলনটি সফলভাবে আয়োজনের জন্য ANRF, ICSSR, DBT, CSIR, INCOIS, Chirantan Rasayan Sanstha, ACS, Rashmi, ChemBio Tech, Jindal Steel, Megathron-সহ বিভিন্ন জাতীয় অর্থায়নকারী সংস্থা ও শিল্পপ্রতিষ্ঠান সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক দিলীপ কুমার মাইতি তাঁদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।তাঁর ধন্যবাদজ্ঞাপনের মধ্য দিয়ে উদ্বোধনী অধিবেশনের সমাপ্তি ঘটে। প্রধান অতিথি, সম্মানিত অতিথি, মূল বক্তা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, অংশগ্রহণকারী প্রতিষ্ঠান এবং সম্মেলনের আয়োজনে যুক্ত সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।সব মিলিয়ে ICSTS 2026 বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য উদ্যোগ। দেশ-বিদেশের বিজ্ঞানী, গবেষক, শিক্ষাবিদ এবং শিল্পক্ষেত্রের প্রতিনিধিদের একই মঞ্চে নিয়ে এসে এই সম্মেলন মানবকল্যাণ, পরিবেশ সংরক্ষণ ও টেকসই ভবিষ্যৎ নির্মাণে বিজ্ঞান ও প্রযুক্তির আন্তঃবিষয়ক সহযোগিতার গুরুত্বকে সামনে তুলে ধরেছে।